কেনিয়ার রাজধানী নাইরোবিতে দুটি উড়োজাহাজের সংঘর্ষে দুজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার (৫ মার্চ) এই উড়োজাহাজ দুর্ঘটনার ঘটনা ঘটে। খবর আনাদোলু এজেন্সি।

দেশটির সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, এই দুর্ঘটনায় উড়োজাহাজে পাইলট হিসেবে প্রশিক্ষণে থাকা এক শিক্ষার্থী এবং তার প্রশিক্ষকের মৃত্যু হয়েছে। ৯৯ ফ্লাইং স্কুল এবং সাফারিলিংক এভিয়েশন লিমিটেডের একটি ড্যাশ-৮ উড়োজাহাজের সংঘর্ষে এই প্রাণহানির ঘটনা ঘটেছে।

নাইরোবির পুলিশ সদস্য অ্যাডামসন বুঙ্গেই এক টেক্সট বার্তার মাধ্যমে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তবে ওই দুর্ঘটনা সম্পর্কে তিনি বিস্তারিত কিছু জানাননি। ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।

আনাদোলুর প্রতিবেদনে বলা হয়েছে, সাফারিলিংক নামের সংস্থাটির উড়োজাহাজে ৪৪ জন আরোহী ছিল বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এটি দিয়ানির উদ্দেশে যাত্রা করেছিল। তবে উড্ডয়নের পর উড়োজাহাজটি একটি বিকট বিস্ফোরণ অনুভব করে। তবে দুর্ঘটনায় উড়োজাহাজে থাকা ৫ ক্র এবং যাত্রীদের কারোই কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানানো হয়েছে।