হামাস নিয়ন্ত্রিত ফিলিস্তিনের গাজায়
ইসরায়েলি হামলায় ৩০ হাজারের বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে উপত্যকাটির
স্বাস্থ্য মন্ত্রণালয়। গত বছরের ৭ অক্টোবরের পর পাঁচ মাসে এই নিহতের ঘটনা ঘটেছে
বলে জানিয়েছে তারা। খবর বিবিসি।
গতকাল শুক্রবার (১ মার্চ) স্বাস্থ্য
মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে
ব্রিটিশ গণমাধ্যমটি জানিয়েছে, নিহতের এই সংখ্যা গাজার ২৩ লাখ জনসংখ্যার ১ দশমিক ৩ শতাংশ।
এর মাধ্যমে উপত্যকাটিতে ইসরায়েলি হামলার ভয়াবহতা প্রমাণিত হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
মন্ত্রণালয়টি জানিয়েছে নিহতদের বেশির ভাগই নারী এবং শিশু।
গত বৃহস্পতিবার ওই অঞ্চলের দক্ষিণে
ত্রাণ সহায়তার জন্য অপেক্ষমান শতাধিক ফিলিস্তিনি নিহতের পর উপত্যকাটির নিহতের সংখ্যা
দাঁড়িয়েছে ৩০ হাজার ৩৫ জনে। বিবিসির খবরে বলা হয়েছে শেষ একদিনে গাজায় প্রাণ হারিয়েছেন
৮৪ জন।
বিবিসি বলছে, নিহতের সঠিক সংখ্যা উল্লেখিত
সংখ্যার চেয়েও আরো বেশি হতে পারে। কারণ যেসকল নিহতের মরদেহ হাসপাতালে পৌঁছায়নি সে হিসাব
এই উল্লেখিত সংখ্যায় অন্তর্ভুক্ত করা হয়নি। ধারণা করা হচ্ছে অন্তত কয়েক হাজার মরদেহ
ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস হওয়া ভবনের নিচে চাপা পড়ে আছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে,
৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি স্থল এবং আকাশ হামলায় আহত হয়েছেন আরো ৭০ হাজার ফিলিস্তিনি।










