জাতিসংঘের পারমাণবিক তদারক সংস্থা আইএইএর প্রধান রাফায়েল গ্রোসি জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলায় বেশ কয়েকটি পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও, ইরান কয়েক মাসের মধ্যেই আবার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম শুরু করতে সক্ষম হতে পারে। শনিবার (২৮ জুন) সিবিএস নিউজে প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
চলতি মাসের ১৩ তারিখ, ইসরায়েল ইরানের বিভিন্ন পারমাণবিক ও সামরিক স্থাপনায় বোমাবর্ষণ করে। তেলআবিব দাবি করে, এই হামলার লক্ষ্য ছিল ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরিতে অগ্রসর হওয়া থেকে বিরত রাখা। যদিও ইরান বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
ইসরায়েলি হামলার পর যুক্তরাষ্ট্রও তেহরানের পারমাণবিক কর্মসূচিতে ব্যবহৃত তিনটি গুরুত্বপূর্ণ স্থাপনায় বিমান হামলা চালায়।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানান, হামলায় পারমাণবিক স্থাপনাগুলোর ‘গুরুতর ক্ষতি’ হয়েছে, তবে তার বিস্তারিত এখনো অজানা। এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, এই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ‘কয়েক দশক’ পিছিয়ে গেছে।
কিন্তু আইএইএর মহাপরিচালক গ্রোসি বলেছেন, ‘সবকিছু ধ্বংস হয়নি।‘ তার ভাষায়— ‘তারা (ইরান) কয়েক মাসের মধ্যেই, হয়তো তারও কম সময়ে কয়েকটি সেন্ট্রিফিউজ পুনরায় চালু করে ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারবে।‘
গ্রোসি আরো জানান, হামলার আগে ইরানের কাছে আনুমানিক ৪০৮ দশমিক ৬ কেজি (৯০০ পাউন্ড) উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত ছিল, যার অবস্থান এখন অনিশ্চিত। ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ এই ইউরেনিয়াম বেসামরিক ব্যবহারের চেয়ে অনেক বেশি, তবে এখনো পরিপূর্ণ অস্ত্র-মানের নয়। এই উপাদানকে আরো পরিশোধন করলে ৯টির বেশি পারমাণবিক বোমা তৈরির জন্য তা যথেষ্ট হতে পারে।
গ্রোসি বলেন, ‘আমরা জানি না এই উপাদানগুলো কোথায় রয়েছে। কিছু হয়তো ধ্বংস হয়েছে, কিছু হয়তো অন্য কোথাও সরিয়ে ফেলা হয়েছে। বিষয়টি পরিষ্কার হওয়া জরুরি।‘
বর্তমানে ইরানি পার্লামেন্ট আইএইএর সঙ্গে সহযোগিতা স্থগিতের পক্ষে ভোট দিয়েছে। তেহরান থেকে গ্রোসি যেসব ক্ষতিগ্রস্ত স্থাপনা পরিদর্শনের অনুরোধ করেছিলেন, সেগুলোও প্রত্যাখ্যাত হয়েছে—বিশেষ করে প্রধান সমৃদ্ধকরণ কেন্দ্র ফোরদো।
গ্রোসি বলেন, ‘আমাদের নিশ্চিত করতে হবে, সেখানে কী আছে, কোথায় আছে, আর ঠিক কী ঘটেছে।‘
অন্যদিকে, ফক্স নিউজের সানডে মর্নিং ফিউচার্স অনুষ্ঠানে দেয়া সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, তার বিশ্বাস, ইরান কোনো মজুতকৃত ইউরেনিয়াম অন্যত্র সরিয়ে নিতে পারেনি। তিনি বলেন,‘এটা খুব কঠিন কাজ, আর আমরা তেমন সময়ও দিইনি। তারা কিছুই সরাতে পারেনি।‘














