ভারতের উত্তরাখণ্ডে একটি নির্মাণাধীন টানেল ধসে পড়েছে। এতে অন্তত ৪০ নির্মাণশ্রমিক আটকে পড়েছেন বলে ধারণা করা হচ্ছে। গতকাল সকালে এ দুর্ঘটনা ঘটে। খবর হিন্দুস্তান টাইমস ও এনডিটিভি।
উত্তরাখণ্ডের সিল্কইয়ারা ও দান্দানগাঁওকে যুক্ত করতে প্রায় সাড়ে চার কিলোমিটার দৈর্ঘ্যের টানেলের নির্মাণকাজ চলছিল। এছাড়া হিন্দুদের তীর্থস্থান উত্তর কাশীর সঙ্গে যমুনাত্রীর সংযোগ স্থাপন করতে ২৬ কিলোমিটার দূরত্ব কমিয়ে আনবে এ টানেল। রোববার সকালে রাতের শিফটের শ্রমিকরা কাজ শেষে বের হচ্ছিলেন এবং দিনের শিফটের শ্রমিকরা প্রবেশ করার সময় এ দুর্ঘটনা ঘটে। আটকে পড়া শ্রমিকদের নিরাপদে বের করে আনতে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকর্মীরা। তবে ধ্বংসস্তূপের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
প্রদেশের দুর্যোগ বিভাগের কর্মকর্তা দুর্গেশ রাথোদি জানান, টানেলের প্রায় ২০০ মিটার জায়গা ধসে পড়ে এ দুর্ঘটনা ঘটে। এতে অন্তত ৪০ থেকে ৪১ শ্রমিক ভেতরে আটকা পড়েন। ধ্বংসস্তূপের ভেতর দিয়ে তাদের জন্য অক্সিজেন সরবরাহ করা হচ্ছে।
তাদের সাহায্য করার জন্য টানেলের গভীরে একটি সরু রাস্তা বের করা হয়েছে। কিন্তু ধ্বংসস্তূপ উদ্ধারকারীদের ওপর এসে আছড়ে পড়ায় উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি বলেন, ‘ঘটনাটি জানার পর থেকে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখছি। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ) ও স্টেট ডিজাস্টার রেসপন্স ফোর্সের (এসডিআরএফ) সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন। আটকে পড়া শ্রমিকরা যেন নিরাপদে বের হয়ে আসতে পারেন, সেজন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করছি।’
স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে বলেন, ‘আটকে পড়া শ্রমিকদের নিরাপদে বের করে আনার বিষয়ে আমরা অত্যন্ত আশাবাদী। তবে কী পরিমাণ সময় লাগবে, সেটি নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।’










