ইসরায়েলের ‘দ্বিরাষ্ট্রীয় সমাধানের সুস্পষ্ট ও ক্রমাগত প্রত্যাখ্যান’ অগ্রহণযোগ্য বলে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। তিনি বলেন, এটি কেবল গাজায় সংঘাতকে দীর্ঘায়িত করতে পারে। স্থানীয় সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উচ্চপর্যায়ের এক বৈঠকের শুরুতে দেয়া বক্তব্যে এ কথা বলেন গুতেরেস। খবর দ্যা গার্ডিয়ান।

জাতিসংঘের মহাসচিব বলেন, একটি ফিলিস্তিনি রাষ্ট্রের অস্বীকৃতি শুধু সর্বত্র চরমপন্থীদের উৎসাহিত করবে। অনির্দিষ্টকালের জন্য সংঘাতকে প্রসারিত করবে।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে গুতেরেস বলেন, গত সপ্তাহে ইসরায়েল সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে দ্বিরাষ্ট্রীয় সমাধানের সুস্পষ্ট ও ক্রমাগত প্রত্যাখ্যানের বিষয়টি অগ্রহণযোগ্য। গুতেরেস বলেন, এই প্রত্যাখ্যান এবং ফিলিস্তিনি জনগণকে রাষ্ট্রের অধিকার থেকে বঞ্চিত করার ফলে বিশ্বশান্তি ও নিরাপত্তাকে হুমকিতে ফেলা চলমান সংঘাত অনির্দিষ্টকালের জন্য জিইয়ে থাকবে।

গুতেরেস বলেন, গাজার জনগণ ইতিহাসের নজিরবিহীন মাত্রা ও গতিতে বিনাশের শিকার হচ্ছে। গাজার জনগণকে গোষ্ঠীগতভাবে শাস্তি দেয়া কোনোভাবেই যুক্তিযুক্ত হয় না। হামাসের ‘উদ্দেশ্যপ্রণোদিত হত্যা, আহত করা, বেসামরিক নাগরিকদের অপহরণ, তাদের বিরুদ্ধে যৌন সহিংসতার’ আচরণেরও নিন্দা জানান জাতিসংঘের প্রধান।