লোহিত সাগরে জ্বালানিবাহী একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ‘আন্ড্রোমেডা স্টার’ নামের এ জাহাজে হামলার কথা গতকাল হুথি বিদ্রোহীরা স্বীকার করে নিয়েছে। খবর রয়টার্স।

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে গাজাবাসীর পক্ষে রয়েছে হুথিরা। এরই অংশ হিসেবে ওই অঞ্চলের সাগরে একের পর এক পণ্যবাহী জাহাজে হামলা চালিয়ে আসছে তারা। 

হুথিরা জানিয়েছে, জ্বালানিবাহী একটি জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পাশাপাশি একটি মার্কিন ড্রোন ভূপাতিত করেছে তারা। 

জাহাজে হামলার বিষয়টি নিশ্চিত করে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, হুথিরা ইয়েমেন থেকে লোহিত সাগরে জাহাজবিধ্বংসী তিনটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এতে আন্ড্রোমেডা স্টার জাহাজের (ট্যাংকার) সামান্য ক্ষতি হয়। 

এ বিষয়ে যুক্তরাজ্যের সামুদ্রিক নিরাপত্তাসংক্রান্ত প্রতিষ্ঠান আমব্রে জানিয়েছে, হুথিদের হামলায় জাহাজের ক্ষতি হওয়ার বিষয়টি আন্ড্রোমেডা স্টারের মাস্টার নিশ্চিত করেছেন। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বলেছে, একটি ক্ষেপণাস্ত্র এমভি মাইশা নামের একটি জাহাজের পাশে গিয়ে পড়ে।