মস্কো-নিয়ন্ত্রিত ইউক্রেনীয় শহর মেলিটোপোলে এক বিস্ফোরণে তিন রুশ সেনা কর্মকর্তা নিহত হয়েছেন । গতকাল রোববার (১২ নভেম্বর) ইউক্রেনের গোয়েন্দা বাহিনী এ দাবি করেছে। খবর রয়টার্স।

স্থানীয় প্রতিরোধ গোষ্ঠীগুলো এ বিস্ফোরণ ঘটিয়েছে বলে মন্তব্য কিয়েভের গোয়েন্দাদের।

তারা বলছেন, দক্ষিণ-পশ্চিম ইউক্রেনের শহর মেলিটোপোলে গত ১১ নভেম্বর রুশ সেনা কর্মকর্তাদের এক বৈঠকের সময়ে এ বিস্ফোরণ ঘটে।

চলমান যুদ্ধের শুরুতে রুশ বাহিনী ইউক্রেনের অঞ্চলটি দখল করে নেয়।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা বিভাগ টেলিগ্রামের এক বার্তায় জানিয়েছে, ইউক্রেনের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের বেশ কিছু অফিস দখল করে নেয় রুশ সেনারা। যার ফলে স্থানীয়রা প্রতিশোধ নিতে এই বিস্ফোরণ ঘটিয়েছে।

তবে রয়টার্স তাৎক্ষণিকভাবে এ তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি। এছাড়া রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকেও এ ব্যাপারে কোনো মন্তব্য পাওয়া যায়নি। 

এদিকে কিয়েভ জানিয়েছে ওই বৈঠকে রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা ও এফএসবি গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা উপসি্থত ছিলেন। সেদিন রাশিয়ার জাতীয় প্রতিরক্ষা বাহিনীর অন্তত তিন সেনা সদস্য নিহত হয়েছে বলে দাবি করছে কিয়েভ।

ইউক্রেনের দাবি মেলিটোপোলকে বড় একটি সামরিক ঘাঁটিতে পারিণত করেছে রাশিয়া। যুদ্ধের আগে শহরটিতে প্রায় দেড় লাখ মানুষের বসবাস ছিল।