ইরান যুদ্ধ ঘিরে উত্তেজনা এখনো শেষ হয়নি বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনয়ামিন নেতানিয়াহু। মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, প্রয়োজন হলে দেশটিতে সামরিক পদক্ষেপ নিতে ইসরায়েলি ও মার্কিন বাহিনী প্রস্তুত রয়েছে। খবর আল জাজিরা।
তবে উত্তেজনা আরো বাড়ানো প্রয়োজন কি না এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি খোলা রাখা সামরিকভাবে সম্ভব কি না, সে সিদ্ধান্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর ছেড়ে দিয়েছেন বলে জানান নেতানিয়াহু।
সাক্ষাৎকারে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধের কারণে ইরান দুর্বল হয়ে পড়েছে। তবে সংকট এখনো শেষ হয়নি। তিনি স্পষ্ট করে বলেন, ইরানের বিষয়টি এখনো শেষ হয়ে যায়নি।
ইসরায়েলি প্রধানমন্ত্রী আরো জানান, ট্রাম্পের সঙ্গে তার ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে এবং প্রতি দুই দিন পরপর তাদের মধ্যে কথা হয়। নেতানিয়াহু বলেন, কৌশলগত কিছু বিষয়ে আমাদের মধ্যে মতপার্থক্য থাকে, তবে সাধারণত শেষ পর্যন্ত আমরা সমাধানে পৌঁছাই।
তার এ বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, লেবাননের রাজধানী বৈরুতে হামলার হুমকি দেয়ায় ট্রাম্প এক কূটনৈতিক ফোনালাপে নেতানিয়াহুর প্রতি ক্ষোভ প্রকাশ করেছিলেন। ওই সময় ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি ও কূটনৈতিক উদ্যোগকে ঝুঁকির মুখে না ফেলতে ইসরায়েলকে সংযত থাকার আহ্বান জানান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
বিশ্লেষকদের মতে, ইরানকে কেন্দ্র করে ওয়াশিংটন ও তেল আবিবের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয় বজায় থাকলেও সামরিক পদক্ষেপ ও আঞ্চলিক কৌশল নিয়ে দুই পক্ষের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য স্পষ্ট হয়ে উঠছে।










