গত দুই সপ্তাহ ধরে ইরানে চলানো হামলায় দেশটির অন্তত ১৪ পরমাণু বিজ্ঞানীকে হত্যার দাবি করেছে ইসরায়েল। অ্যাসোসিয়েটেড প্রেস নিউজ এজেন্সিকে (এপি) দেয়া এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন ফ্রান্সে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত জোশুয়া জারকার।
গত সোমবার এপিকে ইসরায়েলের এই কর্মকর্তা বলেন, বিজ্ঞানীদের হত্যার ফলে ইসরায়েলি ও মার্কিন বোমা হামলা থেকে রক্ষা পাওয়া পারমাণবিক অবকাঠামো এবং উপকরণ ব্যবহার করে ইরানের পক্ষে অস্ত্র তৈরি করা ‘প্রায়’ অসম্ভব হয়ে পড়বে। এই বিজ্ঞানীরা না থাকায় ইরানের পারমাণবিক কর্মসূচি বেশ কয়েক বছর পিছিয়ে যাবে।
তবে নিউক্লিয়ার বিশ্লেষকরা বলছেন, ইরানের আরো বিজ্ঞানী আছেন যারা নিহতদের স্থান নিতে পারেন। এই হত্যাকাণ্ড কেবল দেশটির পারমাণবিক কর্মসূচিকে পিছিয়ে দিতে পারে, কিন্তু শেষ করতে পারবে না।
এমনটা মনে করেন যুক্তরাজ্যের পররাষ্ট্র সচিব ডেভিড ল্যামিও। সম্প্রতি হাউস অব কমন্সে আইনপ্রণেতাদের তিনি বলেন, গত কয়েক দশকে ইরান যে জ্ঞান অর্জন করেছে, তা হামলা চালিয়ে ধ্বংস করা সম্ভব নয়। একইভাবে সেই জ্ঞান ব্যবহার করে পারমাণবিক অস্ত্র নির্মাণের যে কোনো রাজনৈতিক আকাঙ্ক্ষাও কেবল হামলা দিয়ে দমন করা যাবে না।















