যুক্তরাজ্যের গ্লাস্টনবেরি ফেস্টিভ্যালে ‘ডেথ, ডেথ টু দ্য আইডিএফ’ বা, ‘আইডিএফের মৃত্যু হোক’ স্লোগান তোলা নিয়ে তদন্ত শুরুর কথা বিবেচনা করছে ব্রিটেনের পুলিশ। শনিবার (২৮ জুন) এই স্লোগান তুলেছিলেন ব্রিটিশ পাঙ্ক-র‍্যাপ ডুয়ো বব ভাইলানের সদস্য ববি ভাইলান। খবর মিডল ইস্ট আই।

অ্যাভন অ্যান্ড সমারসেট পুলিশ শনিবার রাতে সামাজিক মাধ্যম এক্স-এ জানায়, ফেস্টিভ্যালের ওয়েস্ট হোল্টস মঞ্চে দেয়া এই বক্তব্যের বিষয়টি তারা জেনেছে। পুলিশের বিবৃতিতে বলা হয়, ‘ঘটনাস্থলের ভিডিওর প্রমাণ কর্মকর্তারা যাচাই করবেন। কোনো অপরাধ সংঘটিত হয়েছে কি না, তা নির্ধারণ করে প্রয়োজনে ফৌজদারি তদন্ত শুরু করা হবে।‘

স্টেজে বব ভাইলানের শিল্পী ‘ডেথ, ডেথ টু দ্য আইডিএফ’ বা, ইসরায়েলি সেনাবাহিনীর মৃত্যু কামনা করে স্লোগান দেন। দর্শকদের অনেকেই তখন তার স্লোগানে সাড়া দেয়। এ সময় বেশ কয়েকজন দর্শক ফিলিস্তিনের পতাকা ওড়াচ্ছিলেন।

গ্লাস্টনবেরি ফেস্টিভ্যাল কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, তারা বব ভাইলানের বক্তব্যে ‘বিরক্ত ও হতবাক’। বিবৃতিতে বলা হয়, ‘এই স্লোগান সীমা অতিক্রম করেছে। আমরা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই—গ্লাস্টনবেরিতে কোনো ঘৃণার ভাষা, ইহুদিবিদ্বেষ বা সহিংসতায় প্ররোচনার স্থান নেই।‘

পুলিশ আরো জানায়, শনিবার রাতে আয়ারল্যান্ডের র‌্যাপ ব্যান্ড ‘নীক্যাপ’-এর মঞ্চে দেয়া বক্তব্যও তারা খতিয়ে দেখছে। এই ব্যান্ড গাজায় ইসরায়েলের যুদ্ধের তীব্র সমালোচক। নীক্যাপ-এর সঙ্গীত পরিবেশনের সময় এক শিল্পী প্যালেস্টাইন অ্যাকশন-এর সমর্থনে লেখা টি-শার্ট পরেছিলেন।

প্যালেস্টাইন অ্যাকশন হলো একটি সরাসরি অ্যাকশন গ্রুপ, যাকে যুক্তরাজ্য সরকার সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে যাচ্ছে। গত সপ্তাহে এই গোষ্ঠীর কর্মীরা ব্রিটেনের সবচেয়ে বড় বিমানঘাঁটি আরএএফ ব্রাইজ নর্টনে অনুপ্রবেশ করে দুটি বিমানে রঙ ছিটিয়ে দিয়ে পালিয়ে যায়। তাদের দাবি, সাইপ্রাসের আরএএফ আক্রোতিরির উদ্দেশ্যে প্রতিদিন এই ঘাঁটি থেকে উড়োজাহাজ যায়, যা গাজা ও মধ্যপ্রাচ্যে সামরিক অভিযানের কাজে ব্যবহৃত হয়।