দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের এক আদালত প্রভাবশালী রাজনৈতিক পরিবার থেকে আসা প্রাক্তন সংসদ সদস্য প্রজ্বল রেভান্নাকে ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে। শনিবার এই রায় ঘোষণা করা হয়। একদিন আগে, শুক্রবার আদালত তাকে দোষী সাব্যস্ত করে। খবর হিন্দুস্তান টাইমস।

গৃহকর্মীকে যৌন নিপীড়নের অভিযোগ ছিল ৩৪ বছর বয়সী প্রজ্বলের বিরুদ্ধে। ২০২৩ সালে এই অভিযোগ প্রথম সামনে আসে। সে সময় তার বিরুদ্ধে অসংখ্য আপত্তিকর ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং সারা দেশে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।

রায় ঘোষণার দিন আদালতে কান্নায় ভেঙে পড়ে প্রজ্বল লঘু সাজা চেয়ে আবেদন করেন। তবে তিনি নিজের বিরুদ্ধে সব অভিযোগ অস্বীকার করে আসছেন। তিনি এই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন।

প্রজ্বল রেভান্না ভারতের সাবেক প্রধানমন্ত্রী এইচ. ডি. দেবগৌড়ার নাতি এবং জনতা দল (সেক্যুলার)–এর সদস্য। এই দল বর্তমানে ভারতের ক্ষমতাসীন বিজেপির রাজনৈতিক মিত্র। এ ধরনের মামলায় এত উচ্চপর্যায়ের রাজনৈতিক পরিবারের কারো সাজা হওয়া ভারতের প্রেক্ষাপটে খুবই বিরল ঘটনা বলে বিশ্লেষকরা মনে করছেন।

২০২৪ সালের এপ্রিল মাসে রাজ্যে শত শত আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার পর, কূটনৈতিক পাসপোর্ট ব্যবহার করে প্রজ্বল রেভান্না দেশত্যাগ করেন। সে সময় তার দপ্তরের এক কর্মকর্তা দাবি করেছিলেন, ভিডিওগুলো এডিটেড ও ভুয়া। তবে প্রজ্বল নিজে কোনো মন্তব্য করেননি।

পরবর্তীতে জার্মানি থেকে দেশে ফেরার পর তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে প্রজ্বলের বিরুদ্ধে আরো দুটি ধর্ষণ মামলা এবং যৌন হয়রানির একটি মামলা বিচারাধীন রয়েছে। সেসব মামলায়ও নিজেকে নির্দোষ দাবি করছেন প্রজ্বল রেভান্না।