ইউক্রেন, ইসরায়েল এবং তাইওয়ানকে সামরিক সহায়তার লক্ষ্যে পাস হওয়া ৯৫ বিলিয়ন মার্কিন ডলারের বিদেশি সহায়তা প্যাকেজ বিলে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবার (২৪ এপ্রিল) তিনি এ বিলে স্বাক্ষর এবং এর মাধ্যমে বিলটি আইনে পরিণত হয়। খবর আল জাজিরা।

এর আগে যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে ইউক্রেন, ইসরায়েল এবং তাইওয়ানকে সামরিক সহায়তার লক্ষ্যে তোলা ৯ হাজার ৫০০ কোটি মার্কিন ডলারের বিদেশী সহায়তা প্যাকেজ বিল পাস হয়। বিরোধীদের আপত্তি সত্ত্বেও মঙ্গলবার সন্ধ্যায় বিলটি সিনেটে পাস হয়।

এদিকে বুধবার আইনটি পাস হওয়াকে ‘বিশ্ব শান্তির জন্য শুভ দিন’ হিসাবে স্বাগত জানিয়েছেন বাইডেন। তিনি বলেন, ‘গুরুত্বপূর্ণ এ আইন আমাদের দেশ ও বিশ্বকে আরো বেশি সুরক্ষিত করবে। আমরা আমাদের সেই বন্ধুদের সহায়তা করছি, যারা সশস্ত্র গোষ্ঠী হামাস ও (রুশ প্রেসিডেন্ট) ভ্লাদিমির পুতিনের মতো স্বৈরাচারের বিরুদ্ধে নিজেদের রক্ষায় লড়াই করছে। এ ব্যবস্থা যুক্তরাষ্ট্রকে আরো নিরাপদ করে তুলবে।’

এ প্যাকেজের মধ্যে কেবল ইউক্রেনকে সামরিক সহায়তা দেয়ার জন্য ৬ হাজার ১০০ কোটি ডলার বরাদ্দ দেয়া হয়েছে। এর মধ্যে মার্কিন অস্ত্র, মজুত এবং অন্যান্য সুবিধা পুনরায় পূরণ করতে ২ হাজার ৩০০ কোটি মার্কিন ডলার দেয়া হবে। আগামী কয়েক দিনের মধ্যেই যুদ্ধবিধ্বস্ত এ দেশটিতে সহায়তার অর্থ সরবরাহ শুরু হতে পারে।

আল জাজিরা বলছে, এ সহায়তা প্যাকেজে ইসরায়েলকে ১ হাজার ৭০০ কোটি মার্কিন ডলারের অতিরিক্ত সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। যদিও গাজায় আগ্রাসন ও নিয়ম লঙ্ঘনের জন্য দেশটিতে মার্কিন সহায়তা সীমাবদ্ধ করার আহ্বান ক্রমবর্ধমানভাবে বাড়ছে।