গাজার পক্ষে নির্বাচনী প্রচারণা চালিয়ে যুক্তরাজ্যের সংসদীয় উপনির্বাচনে জয় পেয়েছেন দেশটির বামপন্থী রাজনীতিবিদ জর্জ গ্যালোওয়ে। দেশটির উত্তরের শহর রোচডেলে তিনি তার নিকতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ১২ হাজার ৩৩৫ ভোট বেশি পেয়ে জয়ী হয়েছেন। তবে গ্যালোওয়ের ইসরায়েল বিরোধী প্রচারণার ফলে তিনি লেবার পার্টির সমর্থন হারিয়েছেন। খবর আল-জাজিরা।

গণমাধ্যমটি জানিয়েছে, নির্বাচনের ফলাফল প্রকাশের পর লেবার পার্টির কিয়ের স্টারমারকে উদ্দেশ্য করে গ্যালোওয়ে বলেছেন, আপনি গাজায় নিরাপরাধ মানুষকে হত্যা করতে ইন্ধন জুগিয়েছেন, এর জন্য আপনাকে চড়া মূল্য দিতে হবে। সেখানে ৩০ হাজার নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন।

এর আগে লেবার পার্টির ওই নেতা গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে অস্বীকৃতি জানিয়েছিলেন। এছাড়া তিনি ইসরায়েলকে অর্থ সহায়তা করেছেন বলেও অভিযোগ করেছেন গ্যালোওয়ে।

তিনি দেশটির ওয়ার্কার্স পার্টির একজন প্রবীণ রাজনীতিবিদ। গাজায় ইসরায়েলকে সমর্থনের জন্য লেবার এবং কনজারভেটিভ উভয় দলকেই অভিযুক্ত করেন প্রবীণ ওই রাজনীতিবদি। যুক্তরাজ্যের মুসলিম সংখ্যাগরিষ্ঠ এলাকাগুলোতে তিনি ফিলিস্তিনের পক্ষে প্রচারণা চালাচ্ছেন।