ইসরায়েলি অবরোধে পুরোপুরি বন্ধ হয়ে গেছে গাজার বৃহৎ নাসের হাসপাতালের চিকিৎসা সেবা। বিদ্যুৎ, জ্বালানি এবং চিকিৎসকের অভাবে ভয়াবহ সংকটে পড়েছে উপত্যকাটির দক্ষিণাঞ্চলের এই হাসপাতাল। গতকাল রোববার (১৮ ফেব্রুয়ারি) ভোর থেকে প্রায় সবরকম কার্যক্রম বন্ধ করতে বাধ্য হয়েছে হাসাপাতাল কর্তৃপক্ষ। এ তথ্য নিশ্চিত করেছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কিদরা। খবর দ্য গার্ডিয়ান।

গাজায় চলমান হামলায় আহত অনেক ব্যক্তি আশ্রয় নিয়েছেন খান ইউনিসে অবস্থিত এই হাসপাতালে। তবে জ্বালানির অভাব এবং হাসপাতালটির চারপাশে ইসরায়েলের ক্রমাগত হামলার জন্য এর কার্যক্রম ঠিকমত চলছে না বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

কিদরা জানিয়েছেন, তেল আবিবের অবরোধে তীব্র খাবার পানির সংকটে পড়েছে হাসপাতালটি। জ্বালানির অভাবে সেখানের জেনারেটরগুলোও গত তিন ধরে বন্ধ থাকায় হাসপাতালটির নিবিড় পরিচর্যাকেন্দ্রের রোগিদের চিকিৎসা ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

এছাড়া সেখানে পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ না থাকায় কমপক্ষে সাত জন রোগী প্রাণ হারিয়েছেন বলে জানানো হয়েছে। মাত্র ২৫ জন চিকিৎসক সেখানে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন, যা রোগীর সংখ্যায় অপ্রতুল। ইসরায়েলি অবরোধ আরো দীর্ঘ হলে সেখানে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন হাসপাতালটির চিকিৎসকরা।

উল্লেখ্য গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলের হামলায় ২৮ হাজার ৯৮৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৬৮ হাজার ৮৮৩ জন।