চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হেনানের একটি স্কুলের ছাত্রাবাসে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৩ শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো একজন। শুক্রবার রাত ১১টার দিকে স্কুলটিতে আগুন লাগে বলে জানিয়েছে স্থানীয় ফায়ার সার্ভিস। খবর রয়টার্স।
চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে, আগুন লাগার অল্প সময়ের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। প্রায় ৪০ মিনিট তৎপরতা চালানোর পর রাত ১১টা ৩৮ মিনিটের দিকে নিয়ন্ত্রণে আসে আগুন। আহতকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বর্তমানে তার অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক।
এদিকে অগ্নিকাণ্ডের কারণ উদ্ঘাটনে তদন্ত শুরু করেছে ফায়ার সার্ভিস। এছাড়া দায়িত্বে অবহেলার অভিযোগে ছাত্রাবাসের এক কর্মীকে আটক করা হয়েছে।
এর আগে গত বছরের নভেম্বরে চীনের শ্যাংজি প্রদেশের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই সময় ২৬ জন নিহত হয়। তার আগে জুলাইয়ে দেশটির উত্তর-পূর্বাঞ্চলে একটি জিমনেশিয়ামের ছাদ ধসে অন্তত ১১ জন নিহত হয়েছিল।










