ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার কয়েক ঘণ্টার মধ্যেই পাল্টা আক্রমণ শুরু করেছে তেহরান। ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ) দাবি করেছে যে, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র এখন ইসরায়েলের ভূখণ্ডের দিকে ধেয়ে আসছে। এর ফলে তেল আবিবসহ দেশের বিশাল এলাকা জুড়ে বাজছে সাইরেন বা সতর্কঘণ্টা। খবর আল জাজিরা।
ইসরায়েলি বিমানবাহিনী জানিয়েছে, তারা ধেয়ে আসা ক্ষেপণাস্ত্রগুলো প্রতিহত করতে আকাশে পূর্ণ শক্তিতে কাজ করছে। আইডিএফ-এর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরায়েলি বিমানবাহিনী বর্তমানে প্রয়োজনীয় সব জায়গায় ইন্টারসেপ্ট (ক্ষেপণাস্ত্র আটকে দেয়া) এবং হামলা চালানোর কাজ করছে যাতে নাগরিকদের ওপর থেকে ঝুঁকি কমানো যায়।‘
ইসরায়েলি সেনাবাহিনী সাধারণ মানুষকে সতর্ক করে বলেছে যে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা 'হেরমেটিক' বা শতভাগ অভেদ্য নয়। অর্থাৎ, সব ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস করা সম্ভব নাও হতে পারে। তাই জনগণকে হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশনা কঠোরভাবে মেনে চলার এবং নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানানো হয়েছে।
ইরান থেকে ছোড়া ব্যালেস্টিক মিসাইলগুলো ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুর দিকে অগ্রসর হচ্ছে। এতে ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি করা হয়েছে এবং মানুষ বাঙ্কারে আশ্রয় নিচ্ছে।
অন্যদিকে, ইসরায়েলি যুদ্ধবিমানগুলো একইসঙ্গে ইরানের ভেতরেও তাদের অভিযান অব্যাহত রেখেছে।















