মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে আহ্বান জানিয়েছে ডেমোক্র্যাটদের একাংশ। সাম্প্রতিক সময়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রেসিডেনশিয়াল বিতর্কে নাস্তানাবুদ হওয়ায় ও বয়স বিতর্ক ইস্যুতে সমালোচনার মুখে রয়েছেন বাইডেন। এর সঙ্গে যোগ হয়েছে নিজ দলের নেতাদের বিরোধিতা। সব মিলিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়াতে তার ওপর চাপ ক্রমেই বাড়ছে। যদিও বাইডেন বরাবরই বলে আসছেন তিনি আগামী নির্বাচন থেকে সরে দাঁড়াবেন না। বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে বাইডেন ডেলাওয়ারে নিজ বাসভবনে কোয়ারেন্টাইনে আছেন। আগামী সপ্তাহ থেকে আবারো তিনি নির্বাচনী প্রচারণায় নামতে পারেন বলে জানা গেছে।
দলের স্বার্থে ও যোগ্য প্রার্থীদের সুযোগ করে দিতে আগামী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য বাইডেনকে অনুরোধ করছেন ন্যান্সি পেলোসি, জর্জ ক্লুনিসহ ডেমোক্র্যাট পার্টির শীর্ষ সিনেটর ও সমর্থকরা। হোয়াইট হাউজের সাবেক হাউজ স্পিকার পেলোসি বলেন, ২০২৪ সালে হোয়াইট হাউজের জন্য প্রতিযোগিতায় থাকবেন কিনা এ বিষয়ে বাইডেনকে দ্রুতই সিদ্ধান্ত নিতে হবে। মার্কিন সিনেটর পিটার অয়েলশ গণমাধ্যমে প্রকাশিত একটি মতামতে বাইডেনকে আগামী নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেন। কংগ্রেসম্যান সেথ মরটেন জানান, জুনের এক মিটিংয়ে ৮১ বছর বয়সী জো বাইডেন তাকে চিনতে পারেননি।
এর আগেও বিভিন্ন সময় বাইডেনের বার্ধক্যজনিত নানান উপসর্গ প্রকাশ্যে ধরা পড়ে। যেগুলো অনলাইনেও ছড়িয়ে পড়ে। ফলে বাইডেনের ওপর দেশটির সাধারণ জনগণের আস্থা কমছে বলে মনে করা হচ্ছে। এমনকি বিভিন্ন জরিপেও দেখা যায় বাইডেনের জনসমর্থন কমছে। গত বছর বাইডেনকে ভোট দিয়েছেন- এমন ভোটারের বড় একটি অংশ এবার বাইডেনকে ভোট দেবেন না বলে জরিপে উঠে এসেছে। সব মিলিয়ে বয়সের কথা বিবেচনা করে বাইডেনকে আগামী নির্বাচনের জন্য উপযুক্ত মনে করছেন না তার দলের অনেকেই। যদিও নির্বাচন থেকে সরে দাঁড়ানোর প্রশ্নে জো বাইডেন নিজেকে যোগ্য ও উপযুক্ত দাবি করে আসছেন।
বাইডেনের প্রতি সমর্থন সরিয়ে নিচ্ছেন দাতা ও মার্কিন তারকারাও। ২০২০ সালে বাইডেনের প্রতি সমর্থন জানালেও এবার অবস্থান পরিবর্তন করছেন হলিউড তারকা জর্জ ক্লুনি। গত মাসে বাইডেনের জন্য তহবিল সংগ্রহ করলেও নিউইয়র্ক টাইমসের বরাতে জানা যায় জর্জ ক্লুনি বাইডেনের প্রতি তার সমর্থন সরিয়ে নিচ্ছেন। তিনি বলেন, ‘বাইডেন ২০২০ সালে যেমন ছিলেন, বর্তমানে তা নেই।’
এদিকে করোনায় আক্রান্ত হওয়ায় নির্বাচনী প্রচারণা বন্ধ রেখেছিলেন বাইডেন। সম্পূর্ণ সুস্থ হওয়ার আগ পর্যন্ত নিজ বাসভবনেই থাকবেন বলে হোয়াইট হাউজের এক বিবৃতিতে জানানো হয়। হোয়াইট হাউজের সেক্রেটারি ক্যারিন জানান, বাইডেনকে ভ্যাকসিন দেয়া হয়েছে। বর্তমানে খুব অল্প কিছু উপসর্গই লক্ষ করা যাচ্ছে। তবে আগামী সপ্তাহ থেকে জো বাইডেন পুনরায় নির্বাচনী প্রচারণায় নামবেন বলে জানানো হয়েছে।
নির্বাচন থেকে সরে দাঁড়ানো বিষয়ে বাইডেনের ওপর চাপ শুরু হয় গত ২৭ জুনের বিতর্কের পর। ওই বিতর্কে ৮১ বছর বয়সী বাইডেন তার প্রতিপক্ষ ডোনাল্ড ট্রাম্পের কাছে নাস্তানাবুদ হন। এমনকি কোনো প্রশ্নের সাবলীল জবাব দিতে পারেননি তিনি। এর পরই ডেমোক্র্যাট শিবিরে তুমুল আলোচনা চলছে, প্রেসিডেন্ট নির্বাচনেও ট্রাম্পের কাছে ধরাশায়ী হতে পারেন বাইডেন। দলের স্বার্থে আগামী নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে অন্য ডেমোক্র্যাট প্রার্থীদের সুযোগ করে দেয়া উচিত বলে মনে করছেন অনেকেই। খবর সিএনএন ও আল জাজিরা।










