সরকা‌রি চাক‌রি‌তে কোটা সংস্কা‌রের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও গবেষকরা। বুধবার (১৭ জুলাই) বিকেলে এ  কর্মসূচি পালন করা হয়।

এদিন বিকেলে টেক্সাস টেক বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে জড়ো হন অ্যাসোসিয়েশন অব বাংলাদেশি স্টুডেন্টস অ্যান্ড স্কলার্সের (এবিএসএস) সদস্যরা। মানববন্ধনে অংশ নেন সংগঠনটির উপদেষ্টা, সদস্যসহ শতাধিক শিক্ষার্থী ও গবেষক। এ সময় কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন তারা।


সরকারি চাকরিতে কোটা পদ্ধতির সংস্কার ও চলমান শিক্ষার্থীদের নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শন করেন মানববন্ধনকারীরা। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বাংলাদেশি স্টুডেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে কোটা প্রথার সমালোচনা করে তা দ্রুত সংস্কারের দাবি জানানো হয়। আন্দোলনে নিহত শিক্ষার্থীদের শহীদ আখ্যায়িত করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

এদিকে একই দাবিতে মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করা হয় যুক্তরাষ্ট্রের নর্দার্ন ইলিনয় বিশ্ববিদ্যালয়, বিংহামটন বিশ্ববিদ্যালয়, সেন্ট্রাল ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়, অ্যারিজোনা স্টেট বিশ্ববিদ্যালয়, ভার্জিনিয়া বিশ্ববিদ্যালয়, টলেডো বিশ্ববিদ্যালয়, ডালাসে টেক্সাস বিশ্ববিদ্যালয়, আলাবামা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন ক্যাম্পাসে। এ সময় আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা ও হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বাংলাদেশি শিক্ষার্থী ও গবেষকরা।