এবারের রমজানেও আগের বছরগুলোর মতো আল-আকসায়
নামাজ আদায় করতে পারবেন ফিলিস্তিনিরা। মঙ্গলবার (৫ মার্চ) ইসরায়েলের প্রধানমন্ত্রী
বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
খবর রয়টার্স।
তবে গাজায় সংঘাতের ফলে এবারের রমজানে
আল-আকসায় নিরাপত্তা ইস্যুতে প্রবেশ সীমিত হতে পারে বলে জানিয়েছে ইসরায়েল। অন্যদিকে
এসব নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছে স্থানীয় বাসিন্দারা।
বিবৃতিতে বলা হয়েছে, আগের বছরগুলোর
মতন রমজানের প্রথম সপ্তাহে যে সংখ্যক মুসল্লি টেম্পল মাউন্টে (আল-আকসা) আসতেন, এ বছরও
তাতে কোনো ব্যতিক্রম হবে না। তবে প্রতি সপ্তাহে জেরুজালেম ও টেম্পল মাউন্ট এলাকার নিরাপত্তা
পরিস্থিতি পর্যালোচনা করা হবে। তার ভিত্তিতে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
গতকাল প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় থেকে বিবৃতি
দেয়ার কিছু সময় পর পৃথক এক বিবৃতিতে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভার পক্ষ থেকে বলা
হয়, ইসলাম ধর্মাবলম্বীদের জন্য রমজান একটি পবিত্র মাস। বিগত বছর গুলোর মতে এ বছরও এই
মাসের পবিত্রতা অক্ষুন্ন রাখার সর্বোচ্চ চেষ্টা করবে ইসরায়েল।










