নির্বাচনের আগেই বিতর্কিত সংশোধিত নাগরিকত্ব
আইন (সিএএ) কার্যকর করেছে ভারত সরকার। গতকাল সোমবার (১১ মার্চ) সন্ধ্যায় কেন্দ্রীয়
স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। খবর আল-জাজিরা।
২০১৯ সালে নরেন্দ্র মোদির সরকার এ আইন পাস করেছিল। এর মাধ্যমে ভারতের প্রতিবেশী দেশগুলোর উদ্বাস্তু অমুসলিম ধর্মাবলম্বীদের নাগরিকত্ব দিবে ভারত সরকার। আইনে বলা হয়, ২০১৪ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ,
পাকিস্তান ও আফগানিস্তান থেকে যেসব হিন্দু, খ্রিষ্টান, বৌদ্ধ, শিখ, জৈন ও পার্সিধর্মীয়
সংখ্যালঘু সাম্প্রদায়িক নির্যাতন ও নিপীড়নের কারণে ভারতে চলে এসেছেন, এ আইনে তাদের
নাগরিকত্ব দেওয়া হবে।
প্রবলভাবে বিরোধিতার মধ্যেই এই আইন
কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার। এর প্রেক্ষিতে ভারতজুড়ে অস্থিরতার সম্ভাবনা রয়েছে বলে
মনে করেন বিশ্লেষকরা। এরইমধ্যে আসামসহ উত্তর-পূর্ব ভারতে বিক্ষোভ শুরু হয়েছে। আসামে
রাতে বিভিন্ন সংগঠনের নেতা–কর্মীরা আইনের অনুলিপি পুড়িয়ে প্রতিবাদ
জানিয়েছেন। রাজ্যটিতে মঙ্গলবার ধর্মঘট ডেকেছে বিরোধী দলগুলো। পশ্চিমবঙ্গেও বড় ধরনের
বিক্ষোভের আশঙ্কা করা হচ্ছে।
পশ্চিমবঙ্গে এই আইনের ব্যাপক প্রভাব
পড়ার সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদিও বলেছেন,
রাজ্যে কিছুতেই সিএএ চালু হতে দেবেন না তিনি।










