নদীর পানি দূষণের কারণে দীর্ঘ একশ বছর ধরে প্যারিসের সেইন নদীতে সাঁতার কাটা নিষিদ্ধ ছিল। অবশেষে ১৯২৩ সালের পর প্রথমবারের মতো জনসাধারণের জন্য নদীটি খুলে দেয়া হয়েছে। ২০২৪ সালের প্যারিস অলিম্পিককে কেন্দ্র করে নদীর পানি বিশেষভাবে পরিষ্কার করার উদ্যোগ নেয়া হয়। পরে সেখানে ওপেন ওয়াটার সাঁতার ও ট্রায়াথলন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খবর বিবিসি।

এখন নদীটির তিনটি নির্ধারিত স্থানে রোজ ১ হাজারের বেশি মানুষ বিনা খরচে সাঁতার কাটতে পারবেন। আগামী ৩১ আগস্ট পর্যন্ত এ সুযোগ থাকছে। স্থানীয় সময় শনিবার সকাল ৮টায় কিছু সাঁতারু নির্ধারিত জায়গায় এসে নদীতে ঝাঁপিয়ে পড়েন। নির্ধারিত জায়গাগুলো আইফেল টাওয়ার, নটর ডেম ক্যাথেড্রাল ও শহরের পূর্বাঞ্চলে অবস্থিত। এসব জায়গায় চেঞ্জিং রুম, শাওয়ার ও বিশ্রামের জন্য বীচের মতো আসবাব রয়েছে। প্রতিটি স্থানে একসঙ্গে ৩০০ জন পর্যন্ত মানুষ বসতে বা বিশ্রাম নিতে পারবেন। নদীতে নিরাপত্তা নিশ্চিত করতে লাইফগার্ডও নিয়োজিত থাকবে।

সেইন নদীতে সাঁতারের এ সুযোগ বাস্তবায়নের পেছনে রয়েছে ১৯৮৮ সালের একটি প্রতিশ্রুতি। সে বছর প্যারিসের তৎকালীন মেয়র এবং পরবর্তী সময়ে ফ্রান্সের প্রেসিডেন্ট হওয়া জ্যাক শিরাক ঘোষণা দিয়েছিলেন, একদিন প্যারিসবাসী আবারো এই নদীতে সাঁতার কাটবে।

সেই স্বপ্ন বাস্তব করতে গত দুই দশকে ফরাসি কর্তৃপক্ষ সেইন নদীর পানির মান উন্নয়নে প্রায় ১৪০ কোটি ইউরো বিনিয়োগ করেছে। তবে অলিম্পিকের আগে নদীর পানির মান নিয়ে কিছু উদ্বেগ দেখা দেয়। বেশ কয়েকটি পানির মান পরীক্ষায় সেইন নদী উত্তীর্ণ হতে পারেনি। তখন কর্তৃপক্ষ জানায়, অতিরিক্ত বৃষ্টিপাতে ড্রেনেজ সিস্টেম চাপের মুখে পড়ে, দূষিত পানি নদীতে গিয়ে পড়ে, যার ফলে স্বাভাবিকভাবে সাঁতারের অনুশীলন বাধাগ্রস্ত হয়।

এমন পরিস্থিতিতে শহরের মেয়র আন হিদালগো ও অলিম্পিক কমিটির সদস্যরা নিজেরাই নদীতে সাঁতার কেটে জনসাধারণকে আশ্বস্ত করেন যে এটি এখন সাঁতারের জন্য নিরাপদ।