যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরান গতকাল একটি প্রাথমিক চুক্তিতে পৌঁছেছে। এর প্রস্তাবনায় চলমান যুদ্ধবিরতি আরো ৬০ দিন বৃদ্ধি এবং হরমুজ প্রণালিতে বিদ্যমান বিধিনিষেধ তুলে নেয়ার কথা বলা হয়েছে। তবে চুক্তিটি এখনো চূড়ান্ত নয় এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনালড্ ট্রাম্প এখনো এতে অনুমোদন দেননি। অবশ্য সম্ভাব্য চুক্তির খবরের পর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমে গেছে। খবর রয়টার্স।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বলছে, চুক্তিটি এখনো চূড়ান্ত হয়নি। ফলে দুই পক্ষের মধ্যে উত্তেজনা কমার ইঙ্গিত মিললেও অনিশ্চয়তা রয়ে গেছে।

চারটি সূত্রের বরাতে জানা গেছে, প্রস্তাবিত চুক্তিতে যুদ্ধবিরতি আরো ৬০ দিন বৃদ্ধি, হরমুজ প্রণালি দিয়ে বাণিজ্যিক জাহাজের স্বাভাবিক চলাচল এবং যুদ্ধবিরতিকালে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা অন্তর্ভুক্ত রয়েছে।

চুক্তিটি অনুমোদন হলে এটি হবে ২৮ ফেব্রুয়ারিতে সংঘাত শুরুর পর সবচেয়ে বড় শান্তি অগ্রগতি।

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স বলেছেন, ‘আমরা এখনো পুরোপুরি সেখানে পৌঁছাইনি, তবে খুব কাছাকাছি আছি এবং কাজ চালিয়ে যাচ্ছি।’

অতীতে ট্রাম্প প্রশাসন একাধিকবার বলেছে যে চুক্তি প্রায় হয়ে গেছে, তবে ইরান প্রায়ই এসব দাবি অস্বীকার বা হালকা করে দেখিয়েছে।

ইরানের তাসনিম নিউজ এজেন্সি এক সূত্রের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, প্রস্তাবিত চুক্তিতে কী থাকবে তা এখনো চূড়ান্ত বা নিশ্চিত হয়নি।

এদিকে চুক্তির সম্ভাবনার খবর প্রকাশের পর অপরিশোধিত জ্বালানি তেলের বাজারে পতন দেখা যায়। কারণ বিনিয়োগকারীরা মনে করছেন হরমুজ প্রণালি খুলে গেলে সরবরাহ সংকট কমে যাবে।

আজ প্রারম্ভিক লেনদেনে অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্টের দাম ১ দশমিক ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯২ ডলার ৬৭ সেন্ট হয়েছে। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দাম ১ দশমিক ৪ শতাংশ কমে হয়েছে ৮৭ ডলার ৬৪ সেন্ট। আর সপ্তাহজুড়ে ব্রেন্টের দাম কমেছে ১০ দশমিক ৫ শতাংশ, যা এপ্রিলের পর সবচেয়ে বড় সাপ্তাহিক পতন। ডব্লিউটিআই-এর দাম কমেছে ৯ দশমিক ২ শতাংশ।

যুক্তরাষ্ট্র-ইরানের সাম্প্রতিক সামরিক উত্তেজনার মাঝে যুদ্ধবিরতির অগ্রগতির খবরটি এল। মাত্র একদিন আগে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছিল, পাঁচটি ইরানি ড্রোন ভূপাতিত করেছে তার এবং বন্দর আব্বাসের একটি গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন ধ্বংস করেছে, যেখানে আরেকটি ড্রোন উৎক্ষেপণের প্রস্তুতি চলছিল।

অন্যদিকে কুয়েত জানিয়েছিল, তাদের ভূখণ্ডে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাতের চেষ্টা করা হয়েছিল, যা তারা প্রতিহত করেছে।

অবশ্য এক মার্কিন কর্মকর্তা দাবি করেছেন, ইরানের রাষ্ট্রীয় টিভিতে বুশেহর এলাকায় একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি সত্য নয়।