উত্তর মেসিডোনিয়ার একটি নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ৫১ জন নিহত এবং ১০০ জনের বেশি আহত হয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন। খবর বিবিসি।
স্থানীয় সময় শনিবার (১৫ মার্চ) রাত ৩টায় রাজধানী স্কোপিয়ে থেকে ১০০ কিমি পূর্বে অবস্থিত কোচানি শহরের পালস ক্লাবে আগুন লাগে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পুরো ভবনটি দাউ দাউ করে জ্বলছে।
সেসময় ক্লাবে জনপ্রিয় হিপ-হপ ব্যান্ড ডিএনকে-এর কনসার্ট চলছিল। সেখানে উপস্থিত ছিলেন প্রায় ১,৫০০ দর্শক।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী পেন্স তস্কোভস্কি জানান, মঞ্চে ব্যবহৃত আতশবাজি থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনের ফুলকি ক্লাবের দাহ্য পদার্থের ছাদে লেগে দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।
সামাজিকমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, মঞ্চ থেকে ছিটকে আসা আগুনের ফুলকি ছাদে লাগার পর মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।
উত্তর মেসিডোনিয়ার প্রধানমন্ত্রী ঋস্তিজান মিকোস্কি এক বিবৃতিতে ঘটনাটিকে ‘দেশের জন্য এক দুঃখজনক দিন’ বলে অভিহিত করেন। তিনি বলেন, এতগুলো তরুণ প্রাণ হারানো আমাদের জন্য এক অপূরণীয় ক্ষতি।
সরকার পুরো পরিস্থিতি মোকাবেলায় কাজ করছে এবং তদন্তের মাধ্যমে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদ্ঘাটন করবে বলে তিনি আশ্বাস দেন।
কোচানির হাসপাতালে প্রাথমিকভাবে ৯০ জনকে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে অনেকেরই শরীরে মারাত্মক দগ্ধ হওয়ার চিহ্ন রয়েছে। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য স্কোপিয়ের বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
এ ঘটনায় পুরো দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। অগ্নিকাণ্ডের তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।








