যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ারে রিপাবলিকান প্রেসিডেন্ট প্রাথমিক নির্বাচনে জয় পেয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) এ জয় পান তিনি। এ অঙ্গরাজ্যের ভোটে ট্রাম্পের একমাত্র প্রতিপক্ষ হিসেবে লড়াই করেন রিপাবলিকান পার্টির নিকি হ্যালি। এ জয়ের মধ্য দিয়ে ট্রাম্প রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে আবার মনোনয়ন পাওয়ার দৌড়ে আরো একধাপ এগিয়ে গেলেন। খবর রয়টার্স।
গণমাধ্যমটি বলছে, আগামী নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন হবে। এ নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হিসেবে লড়বেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ট্রাম্প রিপাবলিকান পার্টির মনোনয়ন পেলে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে তার সঙ্গে লড়াই হবে বাইডেনের।
এদিকে, সাউথ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সাবেক গভর্নর হ্যালি নিউ হ্যাম্পশায়ারের ভোটে হেরে গেলেও লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছেন। নির্বাচন পরবর্তী এক জনসভায় হ্যালি তার সমর্থকদের বলেছেন, আমাদের দৌড় এখনও শেষ হয়নি। এসময় ডোনল্ড ট্রাম্পকে তিনি চ্যালেঞ্জ করে বলেন আমি একজন যোদ্ধা।
অন্যদিকে এক জনসভায় প্রতিক্রিয়ায় হ্যালিকে উদ্দেশ ট্রাম্প বলেন, তিনি এমনভাবে কথা বলছেন যেন তিনি নির্বাচনে জয়ী হয়েছেন। তিনি সেখানে জয়ী হননি। সেই রাত ছিল তার জন্য খুব খারাপ রাত। ট্রাম্পের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন হ্যালির সমর্থকরা। তারা তাকে বিভ্রান্তিকর বলে মন্তব্য করেছেন।
এর আগে গত সপ্তাহে প্রথম রিপাবলিকান হিসেবে আইওয়া অঙ্গরাজ্যের ককাসে বিপুল ব্যবধানে জয় পেয়েছিলেন ৭৭ বছর বয়সী ট্রাম্প। সেখানে তিনি একক ভাবে ৫৪ দশমিক ৭ শতাংশ ভোট পেয়ে এগিয়েছিলেন।










