অবরুদ্ধ দক্ষিণ গাজায় জাতিসংঘের আশ্রয় কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। এতে কমপক্ষে ৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অর্ধশতাধিক মানুষ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

প্রতিবেদনে বলা হয়েছে, গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান ইউনিসে জাতিসংঘের একটি আশ্রয়কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর গোলাবর্ষণের পর বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে গাজায় ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের একটি সংস্থার প্রধান জানিয়েছেন।

ইউনাইটেড নেশনস রিলিফ অ্যান্ড ওয়ার্কস এজেন্সি ফর ফিলিস্তিন রিফিউজিস ইন দ্য নিয়ার ইস্ট (ইউএনআরডব্লিউএ)-এর গাজার পরিচালক থমাস হোয়াইট বলেছেন, ‘৮০০ মানুষ আশ্রয় নিয়েছেন এমন একটি ভবনে ট্যাংকের দুটি গোলা আঘাত হেনেছে। এ হামলায় ৯ জন নিহত এবং আরো ৭৫ জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।’এছাড়া বুধবার পৃথক এক পোস্টে হোয়াইট বলেছিলেন, বাস্তুচ্যুত বহু পরিবারের আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত একটি প্রশিক্ষণ কেন্দ্রে আগুন লেগেছে।

রাফাহ-ভিত্তিক ইউএনআরডব্লিউএর মুখপাত্র আদনান আবু হাসনা আল জাজিরাকে বলেছেন, জাতিসংঘ ইসরায়েলি সেনাবাহিনীর সঙ্গে সমন্বয় করে ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স পাঠানোর চেষ্টা করছে। তিনি বলেন, হামলার আগে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো সতর্কতা জারি করা হয়নি।