উত্তর আফগানিস্তানে যাত্রীবাহী একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। কিছু সংবাদমাধ্যম ফ্লাইটটিকে ‘ভারতীয়’ বললেও দেশটির কর্মকর্তারা অস্বীকার করেছেন। আজ রোববার (২১ জানুয়ারি) সকালের এ ঘটনার বিস্তারিত জানা না গেলেও হতাহতের আশঙ্কা করা হচ্ছে।

আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম টোলো নিউজ জানিয়েছে, উড়োজাহাজটি উত্তর বাদাখশান প্রদেশে বিধ্বস্ত হয়েছে।

প্রদেশের তথ্য ও সংস্কৃতি দপ্তরের কর্মকর্তা জাবিহুল্লাহ আমিরি বলেন, কুরান-ওয়া-মুঞ্জান জেলার তোপখানা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। বিস্তারিত জানতে ও উদ্ধার তৎপরতার জন্য সেখানে একটি দল পাঠানো হয়েছে।

এদিকে গুঞ্জনের জবাবে বেসামরিক উড়োজাহাজ মন্ত্রণালয়ের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ফ্লাইটটি ভারতীয় নয়। এটি মরক্কোয় নিবন্ধিত ছোট একটি এয়ারক্রাফট।

বাদাখশান প্রদেশ চীন, তাজাকিস্তান ও পাকিস্তানের সীমান্ত এলাকায় অবস্থিত। এখানে রয়েছে আফগানিস্তানের সর্বোচ্চ পবর্তমালা হিন্দুকুশ।