‘আটটি যুদ্ধ বন্ধ করার পরও নরওয়ে আমাকে নোবেল শান্তি পুরস্কার দেয়নি, তাই আমি শান্তির কথা ভাবতে আর বাধ্য নই’ বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টরকে পাঠানো এক বার্তায় তিনি এ কথা বলেন।
বিবিসির মার্কিন সহযোগী সিবিএস নিউজের বরাতে জানা গেছে, ওই বার্তায় নোবেল পুরস্কার না দেয়ার জন্য নরওয়েকেই দায়ী করেছেন ট্রাম্প। একই সঙ্গে তিনি গ্রিনল্যান্ড ইস্যুতে নিজের অবস্থান পুনর্ব্যক্ত করেন।
নরওয়ের প্রধানমন্ত্রী জোনাস গর স্টর জানিয়েছেন, ফিনল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে যৌথভাবে পাঠানো এক বার্তার জবাবে রোববার ট্রাম্পের ওই টেক্সট মেসেজটি তিনি পেয়েছেন। তবে তিনি স্পষ্ট করেন, নোবেল শান্তি পুরস্কার নরওয়ের সরকার প্রদান করে না; একটি স্বাধীন নোবেল কমিটি এ পুরস্কার ঘোষণা করে থাকে।
ট্রাম্প বলেছেন, শান্তি সব সময়ই তার কাছে প্রাধান্য পাবে। তবে বর্তমান পরিস্থিতিতে তিনি যুক্তরাষ্ট্রের জন্য কী ভালো এবং কী যুক্তিসংগত, সেটিকেই অগ্রাধিকার দেবেন।
গ্রিনল্যান্ড ইস্যুতে ট্রাম্পের অবস্থানকে কেন্দ্র করে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো তিক্ত হয়ে ওঠেছে। গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করা আটটি দেশের ওপর নতুন করে শুল্কারোপের পরিকল্পনা ঘোষণা করেছেন তিনি।
এ সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন ইউরোপের নেতারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার একে ‘পুরোপুরি ভুল’ পদক্ষেপ বলে মন্তব্য করেছেন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এ পরিকল্পনাকে ‘অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছেন।










