ভারতের মুম্বাইয়ের ঘাটকোপারে বিলবোর্ড ধ্বসে পড়ায় ৮ জন নিহত ও ৬০ জন আহত হয়েছে। সোমবার (১৩ মে) শক্তিশালী ধূলিঝড়ে বিশাল একটি বিলবোর্ড ধ্বসে পড়ে এ দুর্ঘটনা ঘটে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। খবর বিবিসি।
পুলিশ জানায়, ৭০ মিটার দৈর্ঘ্য ও ৫০ মিটার প্রস্থের বিলবোর্ডটি সোমবার শহরের বাড়ি-ঘর এবং একটি পেট্রোল স্টেশনের ওপর পড়ে।
জরুরী পরিষেবা সংস্থার তথ্যমতে, উদ্ধার অভিযান চলমান অবস্থায় এখনো প্রায় ২০ থেকে ৩০ জন আটকা পড়ে আছে বলে আশঙ্কা করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, বিজ্ঞাপনী বিলবোর্ডটি একটি পেট্রোল পাম্পের ওপর ভেঙে পড়ছে; যার আঘাতে দুমড়ে গিয়ে পেট্রোল পাম্পের ছাদ নিচে নেমে আসে। পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকা কিছু গাড়িও চাপা পড়ে। বিলবোর্ডের ধাতব কাঠামো বহু গাড়ির ছাদ ফুঁড়ে ঢুকে যায়। আয়তনের হিসাব করে পুলিশ তখনই জানিয়েছিল, বিলবোর্ডের নিচে অনেকে চাপা পড়ে থাকতে পারে।
মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নাভিস সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানান, এ ঘটনা কীভাবে হলো তা খতিয়ে দেখতে রাজ্য সরকার কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দিয়েছে।
তিনি বলেন, রাজ্য সরকার এ ঘটনায় নিহত ও আহতদের পরিবারকে ৫ লাখ রুপি আর্থিক সহায়তা প্রদান করবে।










