ইথিওপিয়ার দক্ষিণাঞ্চলে মারবুর্গ ভাইরাসের প্রাদুর্ভাব নিশ্চিত করা হয়েছে। আফ্রিকা সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (আফ্রিকা সিডিসি) জানিয়েছে, জাতীয় রেফারেন্স ল্যাবরেটরি পরীক্ষায় রোগটি শনাক্ত করা হয়েছে। মারবুর্গ ইবোলার মতো একটি প্রাণঘাতী ভাইরাস। এতে জ্বর, বমি, ডায়রিয়া ও রক্তক্ষরণ হয় এবং মৃত্যুহার ২৫-৮০ শতাংশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস জানান, দক্ষিণ ইথিওপিয়ায় অন্তত নয়টি আক্রান্ত রোগী পাওয়া গেছে। আক্রান্ত এলাকায় দ্রুত ব্যবস্থা নিচ্ছে দেশটির স্বাস্থ্য কর্তৃপক্ষ। খবর দ্য গার্ডিয়ান