সাবেক মার্কিন প্রেসিডেন্ট ও আগামী নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটেছে। হামলায় অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। পেনসিলভানিয়ার বাটলারে স্থানীয় সময় শনিবার (১৩ জুলাই) সন্ধ্যা সোয়া ছয়টার দিকে ট্রাম্পের নির্বাচনী প্রচারের মঞ্চ লক্ষ্য করে সন্দেহভাজন হামলাকারী একাধিক গুলি ছুড়েছেন। তিনি সমাবেশস্থলের বাইরে থেকেই হামলা চালান। এতে মঞ্চের সামনে দর্শকসারিতে থাকা একজন নিহত হন। গুরুতর আহত হয়েছেন আরো দুজন। গুলিতে ট্রাম্পের ডান কানের ওপরের অংশে ফুটো হয়ে গেছে। পরে স্টেজ থেকে নামার সময় হাত উঁচিয়ে, মুঠো করে হার না মানার ইঙ্গিত করে দেখান ট্রাম্প।

বার্তাসংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের তথ্য অনুযায়ী, জনসভায় প্রেসিডেন্ট পদপ্রার্থী ডোনাল্ড ট্রাম্প বাইডেন প্রশাসনের সমালোচনা করার সময়ই পরপর গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে সাবেক এ প্রেসিডেন্ট নিচে লুটিয়ে পড়ে নিজেকে আড়াল করেন। এ সময় সিক্রেট সার্ভিস এজেন্টরা তার পাশেই ছিলেন। এরপর তাকে স্টেজ থেকে নামিয়ে নিয়ে যাওয়া হয়।

ট্রাম্পকে যখন ধরে স্টেজ থেকে নামানো হচ্ছে, সেই সময়ই কানের পাশ, গালে রক্ত লক্ষ্য করা যায়। স্টেজ থেকে নামার সময় হাত উঁচিয়ে, মুঠো করে হার না মানার ইঙ্গিত করে দেখান ট্রাম্প।

এ ঘটনার পর ট্রাম্পের মুখপাত্র এক বিবৃতিতে জানিয়েছেন, আগামী নির্বাচনে রিপাবলিকান পার্টির এ প্রেসিডেন্ট পদপ্রার্থী ভালো আছেন। স্থানীয় চিকিৎসা কেন্দ্রে তাকে পরীক্ষা করা হচ্ছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়া ও উদ্ধারের জন্য পুলিশ প্রশাসনকেও ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প।

এদিকে  হামলার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়েছে। তাতে দেখা গেছে, ট্রাম্প মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। এ সময় হঠাৎ গুলির শব্দ শোনা যায়। সঙ্গে সঙ্গে মঞ্চে বসে পড়েন তিনি। এ সময় তার সমর্থকদের চিৎকার করতে শোনা যায়। হামলার এ ঘটনায় তদন্ত শুরু হয়েছে। সিক্রেট সার্ভিসের সদস্যরা যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে (এফবিআই) ঘটনাটি অবহিত করেছেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।