ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি অবরোধে তীব্র খাদ্য সংকটে রয়েছেন সেখানের শরণার্থীরা। খাবারের অভাবে গাজায় আরো ২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত পাঁচ মাসে খাদ্যাভাবে ক্ষুধায় উপত্যকাটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। গতকাল বুধবার (৬ মার্চ) হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে এই তথ্য জানিয়েছে তুর্কি গণমাধ্যম আনাদোলু এজেন্সি।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা এক বিবৃতিতে বলেছেন,  খাদ্যাভাবে গাজার উত্তরাঞ্চলে দুর্ভিক্ষ পরিস্থিতি শুরু হয়েছে। এতে সবচে বেশি বিপর্যয়ের মুখে পড়েছে এখানের শিশু, গর্ভবতী নারী এবং দীর্ঘস্থায়ী রোগাক্রান্ত গাজাবাসী।

তিনি আরো বলেছেন, গতকাল উত্তর গাজার আল-শিফা হাসপাতাল এবং কামাল আদওয়ান হাসপাতালে অপুষ্টি ও পানিশূন্যতায় ১৫ বছর বয়সী এক তরুণ এবং ৭২ বছর বয়সী এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন। এছাড়া ক্ষুধায় আরো কয়েক হাজার মানুষ মৃত্যুর ঝুঁকিতে রয়েছে বলেও সতর্ক করেছেন আল-কুদরা। সেখানে তিনি মানবিক সহায়তা ও চিকিৎসা সরঞ্জামের আহ্বান জানিয়েছেন।