সৌদি আরবে চলতি বছরের হজের আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে আজ শুক্রবার (১৪ জুন)।
মূলত মিনার উদ্দেশে ইহরামের কাপড় পরে যাত্রার মধ্য দিয়ে শুরু হয় হজের
আনুষ্ঠানিকতা। হজ পালন করতে ধর্মপ্রাণ
মুসলমানরা এরই মধ্যে সৌদি আরবের মিনায় পৌঁছেছেন।
বৃহস্পতিবার (১৩ জুন) সন্ধ্যার পর থেকেই হাজিদের মিনায় নেয়া হচ্ছে। ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা
শারিকা লাকা লাব্বাইক’ ধ্বনিতে আজ মুখরিত হবে মিনার প্রান্তর।
এ বছর সারা বিশ্বের প্রায় ২০ লাখ মানুষ হজে অংশ নিচ্ছেন। এ পর্যন্ত বাংলাদেশ থেকে হজে গেছেন ৮২ হাজার ৭৭২
জন। ৯ জিলহজ (১৫ জুন) আরাফাতের ময়দানে
হজের মূলপর্ব অনুষ্ঠিত হবে। আগামী
মঙ্গলবার (১৮ জুন) জামারায় শয়তানকে পাথর নিক্ষেপের মধ্য দিয়ে শেষ হবে পাঁচদিনের হজ
কার্যক্রম।
চলতি বছর আরাফাতের ময়দানে হজের খুতবা দেবেন মসজিদুল হারামের ইমাম ও খতিব শায়খ
ড. মাহের বিন হামাদ। রোববার পশু কোরবানি
দেবেন হাজিরা।










