যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমাবেশে হামলার ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, আমেরিকায় এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এমনকি এ ধরনের হামলা ক্ষমা করা করা যায় না বলেও জানিয়েছেন বাইডেন। খবর বিবিসি।

সংবাদমাধ্যমটি বলছে, শনিবার একটি সমাবেশে ট্রাম্পকে লক্ষ্য করে এ হামলা হয়। এরপরই নিজের প্রতিক্রিয়া জানান প্রেসিডেন্ট বাইডেন। তিনি বলেন, ‘আমেরিকাতে এ ধরনের সহিংসতার কোনো স্থান নেই। এটি অসুস্থ, এটি অসুস্থ (হামলা)।’ তিনি বলেন, আমি নিশ্চিত করতে চাই, আমাদের কাছে সমস্ত তথ্য আছে। যুক্তরাষ্ট্রের ফেডারেল এজেন্সিগুলো গুলিবর্ষণের এ ঘটনায় তদন্তে কাজ করছে।

এটি হত্যার প্রচেষ্টা কিনা জানতে চাইলে বাইডেন বলেন, ‘আমি নিশ্চিত করতে চাই যে, আমাদের কাছে সমস্ত তথ্য আছে।’

এদিকে ট্রাম্পের ওপর হামলার পরপরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একটি সংক্ষিপ্ত বিবৃতি দেন। সেখানে তিনি বলেন, পেনসিলভেনিয়ায় সহিংস এ হামলার ঘটনায় ‘সবাইকে নিন্দা করতে হবে।  আমি ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তিনি এখন তার ডাক্তারদের সাথে আছেন। আশা করি আজ (শনিবার) রাতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলব। সমাবেশে হামলার সময় যা ঘটেছিল সে সম্পর্কে তাকে পুঙ্খানুপুঙ্খভাবে অবহিত করা হয়েছে। 

মার্কিন ডেমোক্র্যাটিক এ প্রেসিডেন্ট বলেন, ‘আমরা এটিকে (এই ধরনের হামলা) ক্ষমাও করতে পারি না।’