তাইওয়ান বিষয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে ফোনে কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তাইওয়ান এবং বেইজিংয়ের মধ্যে উত্তেজনা বিরাজ করায় তারা ‘তাইওয়ান রিলেশনস অ্যাক্ট’ মেনে চলতে সম্মত হয়েছেন।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়, গতকাল মঙ্গলবার হোয়াইট হাউসে উপস্থিত সাংবাদিকদের এ কথা জানান বাইডেন। তিনি বলেন, আমি তাইওয়ানের বিষয়ে প্রেসিডেন্ট শি’র সঙ্গে কথা বলেছি। আমরা তাইওয়ান চুক্তি মেনে চলতে সম্মত হয়েছি। আমি মনে করি না যে চুক্তি মেনে চলা ছাড়া তার অন্য কিছু করা উচিৎ।

গত ৯ সেপ্টেম্বর প্রায় দেড় ঘণ্টা ফোনালাপ করেন বাইডেন ও শি জিন পিং। ফোনালাপের পর তাদের কথপোকথন নিয়ে বিবৃতি প্রকাশ করে হোয়াইট হাউস। এতে বলা হয়, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে কৌশলগত বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। দুই দেশের স্বার্থ, মূল্যবোধ ও দৃষ্টিভঙ্গি নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়েছে।

চীন ও তাইওয়ানের বিষয়ে ওয়াশিংটন দীর্ঘদিন ধরে ‘এক চীন নীতি’ মেনে চলার কথা উল্লেখ করেন বাইডেন। এটি তাইপের পরিবর্তে বেইজিংকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়। এটা নিশ্চিত যে তাইওয়ান রিলেশনস অ্যাক্টের আওতায় বেইজিংয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখবে যুক্তরাষ্ট্র।