দেড় মাসেরও বেশি জেলে থাকার পর অবশেষে অন্তর্বর্তী জামিন পেলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। স্থানীয় সময় শুক্রবার দেশটির সুপ্রিম কোর্ট তাকে ২১ দিনের অন্তর্বর্তীকালীন জামিন দেন। সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না ও দীপংকর দত্ত দুই পক্ষের মতামত শোনার পর জামিন মঞ্জুর করেন। সন্ধ্যায় তিনি জেল থেকে মুক্তি পেতে পারেন বলে জানিয়েছেন আম আদমি পার্টির সাংসদ রাঘব চাড্ডা। খবর এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, আবগারি মামলায় অন্তর্বর্তী জামিন দেয়া হয়েছে আম আদমি পার্টির (এএপি) প্রধান নেতা ও দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে। ভারতের সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২ জুন কেজরিওয়ালকে কারা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পণ করতে হবে। অর্থাৎ আগামী ১ জুন লোকসভা নির্বাচন শেষ হলে পরের দিনই তাকে জেলে ফেরত যেতে হবে। 

জামিনের থাকা সময়ে নির্বাচনী প্রচারে কেজরিওয়াল অংশ নিতে পারবেন। দিল্লির ৭ লোকসভা কেন্দ্রের ভোট গ্রহণ ২৫ মে। ১ জুন পাঞ্জাবের ভোট। ৪ জুন ভোটের ফল প্রকাশ। সুপ্রিম কোর্টের এ রায় আম আদমি পার্টিকে (আপ) ভোটের মুখে নতুনভাবে উজ্জীবিত করে তুলবে।

মুক্তি বিষয়ে এএপি সাংসদ রাঘব চাড্ডা বলেন, ‘অরবিন্দ কেজরিওয়াল জামিন পেয়েছে এমন খবরে ভারতের সকল নাগরিক খুশি। আজ সন্ধ্যায় দিল্লির মুখ্যমন্ত্রীকে মুক্তি দেয়া হতে পারে বলেও জানান তিনি। 

উল্লেখ্য, স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেফতার হন। দিল্লির আবগারি নীতিকাণ্ডে গত ২১ মার্চ তাকে গ্রেফতার করা হয়েছিল। তার রাজনৈতিক দল আম আদমি পার্টি সেসময় জানিয়েছিল, গ্রেফতার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন।গ্রেফতারের পর থেকে দেড় মাসের বেশি সময় ধরে বন্দি অরবিন্দ কেজরিওয়াল। তার গ্রেফতার রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করে আম আদমি পার্টি (আপ)।