গাজা থেকে ৫ ইসরায়েলি জিম্মির দেহাবশেষ উদ্ধার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। বুধবার (২৪ জুলাই) শহরটির বিভিন্ন বাড়ি থেকে জিম্মিদের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। খবর রয়টার্স।
এই ৫ জিম্মির নাম র্যাভিড কার্টজ (৫১),
ওরেন গোল্ডিন (৩৩), মায়া গোরেন (৫৬), টমার জ্যাকভ আহিমাস (১৯) এবং কিরিল ব্রোদস্কি
(২০) বলে জানিয়েছে দ্য টাইমস অফ ইসরায়েল।
ইসরায়েলি আর্মি রেডিও জানিয়েছে, উদ্ধার করা
দেহাবশেষের মধ্যে মায়া গোরেন (৫৬) একটি কিন্ডারগার্টেন স্কুলের শিক্ষক। তিনি ইসরায়েলের
নির ওজ শহরের বাসিন্দা ছিলেন।
দেহাবশেষ উদ্ধার হওয়া অন্য চার জিম্মির মধ্যে
দুইজন ইসরায়েলি সেনাবাহিনীর রিজার্ভ সোলজার এবং বাকি দুইজন কনস্ক্রিপ্ট সোলজার।
দেহাবশেষগুলো গাজার দক্ষিণাঞ্চলীয় শহর খান
ইউনিস থেকে উদ্ধার করা হয়েছে। চলতি সপ্তাহেই অঞ্চলটিতে অভিযান চালায় ইসরায়েলি সামরিক
বাহিনী।
২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে অতর্কিত হামলা
চালায় হামাস যোদ্ধারা। তাদের হামলায় নিহত হন অন্তত ১ হাজার ২০০ জন ইসরায়েলি ও অন্যান্য
দেশের নাগরিক। এছাড়া ২৪০ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় হামাস যোদ্ধারা। জিম্মিদের
মধ্যে ১২০ জন এখনো গাজায় হামাসের কব্জায় রয়েছেন বলে দাবি করে আসছে ইসরায়েল।
১২০ জিম্মির তালিকায় দেহাবশেষ উদ্ধার হওয়া
৫ জনেরই নাম ছিল।
হামাসের হামলার জবাবে ৭ অক্টোবর থেকেই গাজায়
অভিযান শুরু করে ইসলায়েলি সেনারা। তাদের সেই অভিযান এখনও চলছে এবং গত ৯ মাসে ইসরায়েলি
বাহিনীর হামলায় গাজায় নিহত হয়েছেন প্রায় ৩৯ হাজার মানুষ।










