পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনকে অসাংবিধানিক ও অগ্রহণযোগ্য উল্লেখ করে দেশজুড়ে শান্তিপূর্ণ বিক্ষোভের ডাক দিয়েছেন ইমরান খান। স্থানীয় সময় শনিবার (৯ মার্চ) প্রেসিডেন্ট নির্বাচনের প্রতিবাদ জানিয়ে এ বিক্ষোভের ডাক দেন তিনি। খবর ডন।

গণমাধ্যমটি বলছে, পাকিস্তানের ১৪তম প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন পিপিপির কো-চেয়ারম্যান আসিফ আলী জারদারি। তার বিরুদ্ধে লড়েছিলেন পিটিআই সমর্থিত সুন্নি ইত্তেহাজ কাউন্সিলের (এসআইসি) মাহমুদ খান আচাকজাই। আর প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন পিএমএল-এন সভাপতি শাজবাজ শরিফ।

কারাবন্দি ইমরান খান বলেছেন, জাতি কখনোই প্রমাণিত ও সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তিদের দেশের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী হিসেবে গ্রহণ করবে না। এর প্রতিবাদে স্থানীয় সময় রোববার দেশজুড়ে বিক্ষোভের ডাক দিয়েছেন তিনি। বিক্ষোভে অংশ নিতে এরই মধ্যে লাহোরসহ পাকিস্তানের বেশ কয়েকটি শহরে জড়ো হতে শুরু করেছেন পিটিআই কর্মী ও ইমরান খানের সমর্থকরা। নির্বাচনের পর থেকেই দেশজুড়ে বিক্ষোভ-সমাবেশ করে আসছে পিটিআই।