পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় বাস ও মিনিবাসের সংঘর্ষের পর অগ্নিকাণ্ডে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। শনিবার (২৮ জুন) সন্ধ্যায় দেশটির কিলিমানজারো অঞ্চলের সাবাসাবায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। খবর আল জাজিরা।
দেশটির প্রেসিডেন্টের কার্যালয় থেকে রোববার দেয়া এক বিবৃতিতে জানানো হয়, দুর্ঘটনার সময় একটি বাসের চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান এবং মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের পরপরই উভয় যানবাহনে ভয়াবহ আগুন ধরে যায়।
বিবৃতিতে বলা হয়, মোট ৩৮ জন এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাদের মধ্যে দুইজন নারীও রয়েছেন। ৩৬টি মরদেহ এতটাই পুড়ে গেছে যে সেগুলো এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে নিহতদের নাগরিকত্ব জানা যায়নি।
এ ঘটনায় আরো ২৮ জন আহত হয়েছেন। এদের মধ্যে ছয়জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানিয়েছে প্রেসিডেন্টের দপ্তর।
তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি তানজানিয়ার সড়কে বারবার ঘটে যাওয়া প্রাণঘাতী দুর্ঘটনা রোধে সড়ক নিরাপত্তা কঠোরভাবে মানার আহ্বান জানান।
সাম্প্রতিক বছরগুলোতে সড়ক দুর্ঘটনা কমাতে সরকার বিভিন্ন সচেতনতামূলক প্রচারণা চালালেও প্রাণহানি থামছে না।
২০১৮ সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়, ২০১৬ সালে তানজানিয়ায় সড়ক দুর্ঘটনায় আনুমানিক ১৩,০০০ থেকে ১৯,০০০ মানুষের মৃত্যু হয়েছে, যা সরকারের প্রকাশিত হিসাবের তুলনায় অনেক বেশি। সরকারিভাবে সে বছর মৃতের সংখ্যা বলা হয়েছিল ৩,২৫৬।










