পশ্চিম ইরাকের একটি বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র
হামলায় বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছেন। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড
জানিয়েছে, গতকাল শনিবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় ইরান-সমর্থিত একটি সশস্ত্র গোষ্ঠী ব্যালিস্টিক
ক্ষেপণাস্ত্র ও রকেট দিয়ে আল আসাদ বিমানঘাঁটিকে লক্ষ্যবস্তু করে। খবর বিবিসি।
এ সময় বেশ কয়েকজন সেনা আহত হওয়ার কথা স্বীকার
করলেও তাদের সংখ্যা উল্লেখ করেনি যুক্তরাষ্ট্র। এছাড়া অন্তত একজন ইরাকি সেনা সদস্য
আহত হয়েছেন।
এ হামলার দায় স্বীকার করেছে ইরাকের ইসলামিক
রেজিস্ট্যান্স নামের একটি দল। যুক্তরাষ্ট্র ভিত্তিক ওয়াশিংটন ইনস্টিটিউট ফর নিয়ার
ইস্ট পলিসি অনুসারে, ইরান-সমর্থিত বেশ কয়েকটি সশস্ত্র গোষ্ঠীর সমন্বয়ে গত বছরের শেষ
দিকে দলটি গঠিত হয়।
ইসলামিক রেজিস্ট্যান্স এর আগেও একাধিকবার
মার্কিন বাহিনীর বিরুদ্ধে অন্যান্য হামলার দাবি করেছে। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে
আল আসাদ ঘাঁটিতে বারবার হামলা হয়েছে।
মার্কিন সামরিক বাহিনী বলেছে যে গতকাল
এ ঘাঁটিতে ছোড়া বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছিল। এর মাঝে কিছু ক্ষেপণাস্ত্র
প্রতিরক্ষা ব্যবস্থা এড়িয়ে ঘাঁটিতে আঘাত করে। সে ক্ষয়ক্ষতির মূল্যায়ন করা হচ্ছে।
গত অক্টোবরে ইসরায়েল-গাজা সংঘাত শুরু
হওয়ার পর থেকে এই অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলো ইরাক ও সিরিয়ায় মার্কিন অবস্থানে ধারাবাহিক
হামলা চালিয়ে যাচ্ছে। যার মধ্যে গতকালের হামলা ছিল সর্বশেষ ঘটনা।










