গাজার একটি স্কুলে ইসরায়েলি হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী (আইডিএফ)। স্কুলটি জাতিসংঘ পরিচালিত একটি বাস্তুচ্যুতি শিবির হিসেবে ব্যবহৃত হচ্ছিল। শনিবার (১৪ জুলাই) এ হামলা সংঘটিত হয় বলে জানায় হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। খবর রয়টার্স। 

আইডিএফ জানায়, তারা শহরের নুসাইরাত শরণার্থী শিবিরের আবু ওরাইবান স্কুল থেকে পরিচালিত হামাসের বেশ কয়েজনকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে। 

তবে প্রত্যক্ষদর্শীরা সংবাদমাধম বিবিসিকে জানান, হামলা করা স্কুলটিতে কোনো সশস্ত্র যোদ্ধা ছিল না এবং হতাহতদের কয়েকজন মধ্যে শিশুও ছিল।

কয়েকদিন ধরেই গাজার স্কুলগুলোতে  হামলা চালাচ্ছে ইসরায়েল। গত আটদিনে স্কুলে চালানো হামলার মধ্যে আবু ওরাইবান স্কুল ছিল ৫ম।

এদিকে শনিবার গাজার সেফ জোন হিসেবে পরিচিত আল-মাওয়াসি ক্যাম্পে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৯০ ফিলিস্তিনি। আহত হয়েছেন কমপক্ষে ৩০০ জন। আর হামাসের সামরিক প্রধান মোহাম্মদ দেইফ ও তার ডেপুটি রাফা সালামাকে লক্ষ্যবস্তু করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ইসরায়েল।

এ হামলার ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস। তীব্র নিন্দা জানিয়েছে তুরস্ক, সংযুক্ত আরব আমিরাত, ওমানসহ মুসলিম দেশগুলো।

গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় মৃতের সংখ্যা ৩৮ হাজার ৬৬০ ছাড়িয়েছে। ৭ অক্টোবরের পর থেকে চলমান এ হামলায় আহত হয়েছেন ৮৭ হাজারের বেশি ফিলিস্তিনি নাগরিক। অবরুদ্ধ গাজা উপত্যকায় অন্তত ১০ হাজার মানুষ নিখোঁজ রয়েছে।