ইসরায়েল অধিকৃত গোলান মালভূমির এক ফুটবল মাঠে রকেট হামলায় ১২ জন নিহত হয়েছেন। তাদের সবাই শিশু এবং কিশোর। এছাড়া আরো কয়েক ডজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ। খবর বিবিসি।

গতকাল শনিবারের (২৭ জুলাই) এই হামলার জন্য ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহকে দায়ী করেছে ইসরায়েল। তবে হিজবুল্লাহ এই হামলার দায় স্বীকার করেনি।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) দাবি, হিজবুল্লাহর ছোড়া একটি রকেট মাজদাল শামসের দ্রুজ শহরে পড়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই হামলায় হিজবুল্লাহর বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার প্রতিশ্রুতি দিয়ে বলেন, হিজবুল্লাহকে চড়া মূল্য পরিশোধ করতে হবে। তবে হিজবুল্লাহর মুখপাত্র মোহাম্মাদ আফিফ হামলার দায় অস্বীকার করে বলেন, এই হামলায় তারা জড়িত নন।

গত অক্টোবরে গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকেই ইস্রায়েল-লেবানন সীমান্তে গুলি বিনিময় করছে আইডিএফ ও হিজবুল্লাহ। তবে এ হামলার মাধ্যমে ইসরায়েলের সাথে লেবাননের পূর্ণ মাত্রার যুদ্ধ শুরুর আশঙ্কা সৃষ্টি হয়েছে। রকেট হামলাটি ছিল ইসরায়েলের উত্তর সীমান্তে সবচেয়ে মারাত্মক প্রাণহানির ঘটনা।