রাশিয়া ইউক্রেনের যুদ্ধবন্দিদের জীবন
নিয়ে খেলছে বলে অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গতকাল বুধবার
(২৪ নভেম্বর) পশ্চিম রাশিয়ার বেলগোরদ অঞ্চলে দেশটির সামরিক বাহিনীর কারাবন্দিবাহী একটি
উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার পর এ অভিযোগ করেন ইউক্রেনের প্রেসিডেন্ট। এক্ষেত্রে আন্তর্জাতিক
তদন্তের দাবি জানিয়েছেন তিনি। খবর বিবিসি।
অন্যদিকে ইলিউশিন-৭৬ পরিবহন উড়োজাহাজটি
ইউক্রেনের হামলায় বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। যাতে ৬৫
জন ইউক্রেনীয় যুদ্ধবন্দিসহ ছয়জন ক্রু ছিলেন।
তবে মস্কোর কথায় কান দেননি কিয়েভ। কিয়েভের
গোয়েন্দাদের দাবি যুদ্ধবন্দি বিনিময়ের ক্ষেত্রে আকাশসীমা লঙ্ঘন করেছে মস্কো। তারা জানিয়েছে,
রাশিয়ার ওই উড়োজাহাজটি আগেরবারের মত নিরাপদ আকাশসীমায় ছিল না।
এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল রাতে এক
ভিডিও বার্তা প্রকাশ করেন জেলেনস্কি। ভিডিও বার্তায় তিনি বলেছেন, মস্কো ইউক্রেনের বন্দিদের জীবন, তাদের অনুভূতি এবং আমাদের আবেগ নিয়ে খেলছে। তিনি মনে করেন এই ঘটনার প্রকৃত সত্য
উদঘাটিত হওয়া উচিৎ।
বুধবার স্থানীয় বাসিন্দাদের দেয়া একটি
ভিডিওতে উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার পরে সেখানে আগুনের কুণ্ডলী উঠতে দেখা গেছে। ফুটেজের
সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়েছে বিবিসি।










