পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে প্রথমবারের মতো নারী মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ। তিনি পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট। দেশটির সাত দশকের বেশি সময়ে ইতিহাসে এবারই প্রথম কোনো প্রদেশ নারী মুখ্যমন্ত্রী পেল।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) পাকিস্তানের সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পাঞ্জাব পরিষদের স্পিকার মালিক আহমেদ খান ফল ঘোষণা করেছেন, পিএমএল-এনের মরিয়ম নওয়াজ ২২০ ভোট পেয়ে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী নির্বাচিত হয়েছেন।

পাঞ্জাব প্রাদেশিক পরিষদে সোমবার মুখ্যমন্ত্রী নির্বাচনে ভোট হয়। যেখানে পিএমএল-এনের মনোনীত প্রার্থী ছিলেন মরিয়ম। মরিয়মের প্রতিদ্বন্দ্বী ছিলেন এসআইসির প্রার্থী রানা আফতাব আহমাদ। তবে এসআইসি ভোট বর্জন করায় তিনি কোনো ভোট পাননি। মরিয়ম ২২০ জন এমপির ভোট পেয়ে বিজয়ী হন।

ভোটের ফল জানিয়ে প্রাদেশিক স্পিকার মালিক আহমাদ খান মরিয়মকে বিজয়ী ঘোষণা করেন।