যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ বোর্ড ঘিরে বড় দুটি সিদ্ধান্ত সামনে এসেছে। আদালতের রায়ে বর্তমান গভর্নর লিসা কুক আপাতত পদে বহাল থাকছেন, অন্যদিকে নতুন গভর্নর হিসেবে ডোনাল্ড ট্রাম্প কর্তৃক মনোনীত স্টিফেন মিরান সিনেটের অনুমোদন পেয়েছেন। খবর রয়টার্স।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফেডারেল রিজার্ভের গভর্নর লিসা কুককে তার পদ থেকে সরানোর জন্য যে চেষ্টা করছিলেন, তা মার্কিন আপিল কোর্ট আটকে দিয়েছেন। আদালতের এই সিদ্ধান্তে কুক ফেডের আসন্ন নীতি বৈঠকের আগেই বোর্ডে বহাল থাকবেন। এর আগে ডিস্ট্রিক্ট কোর্টের বিচারক জিয়া কব রায় দেন, প্রাক্তন প্রেসিডেন্ট জো বাইডেনের মনোনীত কুকের বিরুদ্ধে তোলা বন্ধক জালিয়াতির অভিযোগ আইন অনুযায়ী তাকে অপসারণের জন্য যথেষ্ট নয়। কুক এই অভিযোগ অস্বীকার করেছেন। ফেডারেল রিজার্ভের গঠনকারী আইন অনুযায়ী, একজন গভর্নরকে কেবল ‘যথাযথ কারণ’ থাকলে অপসারণ করা যেতে পারে, এবং আদালত মনে করেন যে, কুককে অপসারণের জন্য এ অভিযোগ যথেষ্ট নয়।

এদিকে, রিপাবলিকান-নিয়ন্ত্রিত মার্কিন সিনেট স্টিভেন মিরানকে ফেডারেল রিজার্ভের বোর্ড অব গভর্নরসের সদস্য হিসেবে নিশ্চিত করেছে। ৪৮-৪৭ ভোটে এই নিয়োগ অনুমোদিত হয়েছে। আগস্ট মাসে অ্যাডরিয়ানা কুগলারের অপ্রত্যাশিত পদত্যাগের পর ফেডের সাত সদস্যের বোর্ডে একটি শূন্য পদ তৈরি হয়েছিল। ট্রাম্প এই শূন্যস্থান পূরণের জন্য এমন একজনকে চেয়েছিলেন, যিনি সুদ কমানোর পক্ষে তার দাবির প্রতি বেশি সংবেদনশীল।

সাধারণত, একজন ফেড গভর্নরকে সিনেটের অনুমোদন পেতে কয়েক মাস সময় লাগে। কিন্তু মিরানের ক্ষেত্রে ছয় সপ্তাহেরও কম সময়ের মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।