উপকরণ
১. গরুর মাংস এক কেজি মিডিয়াম ডাইস, ২. বাসমতী চাল তিন কাপ ধুয়ে ৩০ মিনিট ভিজিয়ে ঝাঁকুনি দিয়ে উঠিয়ে রাখুন, ৩. তেল এক কাপ, ৪. সাদা গোলমরিচ গুঁড়া দুই চা চামচ, ৫. এলাচ সাদা পাঁচটি, কালো দুটি, ৬. আদা বাটা এক টেবিল চামচ, ৭. রসুন বাটা এক টেবিল চামচ, ৮. গরমমসলা গুঁড়া দুই চা চামচ, ৯. জিরা গুঁড়া দেড় চা চামচ, ১০. ঘি দুই টেবিল চামচ, ১১. চিনি দেড় চামচ, ১২. কালো কিশমিশ চার ভাগের এক কাপ, ১৩. গরম পানি আট কাপ, ১৪. পেঁয়াজ কুচি দুই কাপ, ১৫. গাজর লম্বা কুচি দুটি, ১৬. লবণ পরিমাণমতো, ১৭. কাজুবাদাম দুই টেবিল চামচ।
রন্ধন প্রক্রিয়া
একটি পাত্রে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে লাইট গোল্ডেন হওয়ার আগ পর্যন্ত ভেজে নিন। এতে পাঁচটি সাদা এলাচ ও দুটি বড় এলাচসহ মাংস দিয়ে দিন। এক চা চামচ লবণ দিন। মাংস ভালোভাবে কষাতে হবে ১৫-২০ মিনিট। এখন আদা-রসুন বাটা দেড় চা চামচ, সাদা গোলমরিচ, জিরা গুঁড়া, গরমমসলা গুঁড়া দেড় চা চামচ দিয়ে মাংসের রঙ পরিবর্তন হলে বেশি পরিমাণে গরম পানি দিয়ে দিন। কারণ এ পানিতেই মাংস সেদ্ধ হবে এবং পোলাও রান্না হবে। মাংস নরম হলে গ্রেভি থেকে মাংস উঠিয়ে নিন। এলাচ উঠিয়ে ফেলে দিন। মাংস এক টেবিল চামচ ঘি দিয়ে ভেজে নিন।
এখন অন্য একটি পাত্রে এক টেবিল চামচ ঘি দিন। তাতে বাদাম, গাজর দিয়ে ভেজে দেড় চা চামচ চিনি মেশান। পরে কালো কিশমিশ দিয়ে কিছুক্ষণ ভেজে নামিয়ে নিন।
মাংস সেদ্ধ গ্রেভি মেপে নিন চালের পরিমাণ অনুযায়ী, প্রয়োজন হলে পানি যোগ করুন। তারপর এতে সাদা গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, গরমমসলা গুঁড়া আধা চা চামচ দিয়ে চাল দিয়ে দিন পরিমাণমতো। লবণ দিয়ে ঢেকে দিন। বলক আসার পর অল্প আঁচে ঢেকে বসিয়ে রাখুন। ১০ মিনিট পর ঢাকনা উঠিয়ে মাংস মিশিয়ে তার ওপর ভেজে রাখা গাজর, কিশমিশ, বাদাম দিয়ে আরো ১০ মিনিট দমে রেখে দিন। তারপর নামিয়ে গরম গরম পরিবেশন করুন।










