১০ মিনিট—এই সময়টুকু খুব একটা বড় মনে না হলেও একটি নতুন গবেষণা বলছে, ঘুম থেকে উঠেই এই সময়ের মধ্যে কী ঘটে, তার ওপর অনেকটাই নির্ভর করে আমাদের সারাদিন কেমন যাবে।

গবেষণায় দেখা গেছে, ৩৭% মানুষ দিনের শুরুতেই বুঝে ফেলেন তাদের দিনটি ভালো যাবে, না খারাপ, শুধুমাত্র প্রথম ১০ মিনিটের অভিজ্ঞতা থেকে।

আপনি হয়তো ভাবছেন, এ সময় তো সবাই ব্যায়াম, মেডিটেশন বা কুসুম গরম লেবু পানি খেয়ে অভ্যস্ত। কিন্তু বাস্তবতা হলো, দিনের শুরুতে আপনি যদি নিজের নির্ধারিত রুটিন থেকে সরে যান—যেমন দেরিতে ঘুম থেকে ওঠা, টয়লেট পেপার ফুরিয়ে যাওয়া বা দরজার হ্যান্ডেল ভেঙে যাওয়া—তাহলেই আপনার দিনটি খারাপভাবে শুরু হতে পারে।

প্রশ্ন আসতে পারে, কেন এতটা গুরুত্বপূর্ণ এই ১০ মিনিট। মূলত, মানব মস্তিষ্ককে সম্পূর্ণভাবে কর্মক্ষম হতে প্রায় ২৫ মিনিট সময় লাগে। এই সময়টাতে আমরা সাধারণত একটি নির্দিষ্ট রুটিন মেনে চলি—টয়লেটে যাওয়া, চা তৈরি, হালকা ব্যায়াম ইত্যাদি। এই রুটিন ভেঙে গেলেই তার প্রভাব পড়ে গোটা দিনের ওপর।

রুটিনের জটিলতা নয়, বরং ধারাবাহিকতা জরুরি। যদি আপনার দিনের শুরুতে কফি বানানো থাকে, তবে রাতে শোয়ার আগে মগ পরিষ্কার রাখা বুদ্ধিমানের কাজ। যদি সকালে টয়লেট ব্যবহার করেন, তাহলে নিশ্চিত হোন পর্যাপ্ত টয়লেট পেপার আছে কিনা। এমন ছোট প্রস্তুতিগুলোই আপনাকে দিনের ভালো সূচনা এনে দিতে পারে।

মূলত, সকালের নির্দিষ্ট রুটিনই দিনটিকে করে তোলে গঠনমূলক ও নিয়ন্ত্রিত। রুটিন থাকলে মন ও শরীর দুটোই প্রস্তুত থাকে আসন্ন দিনের জন্য।