মধ্যবয়সে স্থূল বা মোটা হওয়ার ঝুঁকি অনেকাংশে নির্ভর করে কারো মা-বাবার স্বাস্থ্য ও ওজনের ওপর। যদি মা-বাবা একই বয়সে স্থূল থাকেন, তাহলে সন্তানদের মধ্যবয়সে স্থূল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। খবর হেলথলাইন।

নরওয়ের একটি দীর্ঘমেয়াদি গবেষণায় দেখা গেছে, যদি মা-বাবা দুজনই মধ্যবয়সে স্থূল থাকেন, তাহলে তাদের সন্তানদের স্থূল হওয়ার ঝুঁকি ছয়গুণ বেশি। আর যদি কেবল একজনই স্থূল থাকেন, তাহলে ঝুঁকি তিনগুণের বেশি।

গবেষক ও নরওয়ের ইউআইটি আর্কটিক বিশ্ববিদ্যালয়ের কমিউনিটি মেডিসিন বিভাগের প্রফেসর মারি মিকেলসেন বলেন, ‘আগেও বিভিন্ন গবেষণায় দেখা গেছে মা-বাবা ও সন্তানের স্থূলতার মধ্যে সম্পর্ক আছে, তবে এই প্রভাব কৈশোর পার হয়ে প্রাপ্তবয়সেও অব্যাহত থাকে কিনা সে বিষয়ে আলোচনা হয়েছে অনেক কম গবেষণায়।’

তিনি আরো বলেন, ‘আমরা দেখেছি, বাবা-মার ওজন কিভাবে প্রভাব ফেলে প্রাপ্তবয়সী সন্তানদের ওজনে, বিশেষ করে যারা অনেকদিন ধরে বাড়ি থেকে আলাদা থাকছেন।’

গবেষকরা জানান, জিনগত কারণের পাশাপাশি পরিবারের অভ্যাস, খাদ্যাভ্যাস ও জীবনধারার ধরনও এ প্রভাবের জন্য গুরুত্বপূর্ণ।

বিশেষজ্ঞরা বলেন, পরিবারে স্থূলতার ইতিহাস জানলে ব্যক্তিগত সতর্কতা ও স্বাস্থ্যসম্মত জীবনধারা গড়ে তোলা সহজ হয়। পরিবারের স্বাস্থ্য ইতিহাস বোঝা মানে প্রাপ্তবয়সে স্থূলতা প্রতিরোধের জন্য প্রস্তুতি নেয়া বলে জানান মাইক্কেলসেন।

বিশ্বজুড়ে স্থূলতা একটি বড় স্বাস্থ্য সমস্যা। এটি ডায়াবেটিস, হৃদরোগ ও কিছু ক্যান্সারের ঝুঁকি বাড়ায়। গবেষণার ফল দেখায়, প্রাথমিক সতর্কতা, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারভিত্তিক পরিকল্পনা কতটা জরুরি।