খুব সকালে কিংবা পড়ন্ত বিকেলে বাতাসে শীতের ঘ্রাণ নাকে ধাক্কা দিয়ে যাচ্ছে কয়দিন ধরেই। সবাই এখন আলমারি থেকে তাদের শীতের কাপড় নামানো প্রায় শুরুই করে দিয়েছেন। কিন্তু শীতের কাপড় আলমারি থেকে বের করে সরাসরি ব্যবহার করা কিন্তু উচিত না। দীর্ঘদিন আলমারিতে বদ্ধ অবস্থায় পড়ে থাকা কাপড় সরাসরি গায়ে দেয়া মোটেও স্বাস্থ্যসম্মত না। এতে করে শরীরে অ্যালার্জিজনিত সমস্যা, র‍্যাশ ওঠা ও শ্বাসকষ্ট হতে পারে। কাজেই শীতের কাপড় ব্যবহারের পূর্বে বিশেষ কিছু দিকে খেয়াল রাখতে হবে।

শীতের কাপড় ব্যবহারের আগে করণীয়

শীতের কাপড় অর্থাৎ সোয়েটার, জ্যাকেট, মোজা, টুপি, কাঁথা, কম্বল, লেপ এসবই। সুতরাং দীর্ঘদিন বস্তাবন্দি এসব গরম কাপড়গুলো ব্যবহারের পূর্বে ভালোভাবে ২/৩ দিন কড়া রোদ লাগিয়ে ঝেড়ে পরিষ্কার করে ফেলুন। যেগুলো ধোয়ার উপযোগী সেগুলো অবশ্যই ধুয়ে ব্যবহার করতে হবে। সেই সঙ্গে আরো কিছু উপায়ে নিতে পারেন শীতের কাপড়ের যত্ন ।

১) সোয়েটার

সোয়েটার ব্যবহারের আগে ধুয়ে নেয়া ভালো। সোয়েটার মূলত উলেন বা পশমের হয়ে থাকে। কাজেই এটা ধুতে সাবান বা ডিটারজেন্ট ব্যবহার না করে ঠান্ডা পানিতে শ্যাম্পু মিশিয়ে ধোয়া উচিত।

এগুলো ছাড়াও বাজারে উলেন কাপড় ধোয়ার জন্য বিভিন্ন ধরনের লিকুইড সামগ্রী পাওয়া যায়, যা কাপড়ের যত্নে অনেক উপকারী। ধোয়ার পর অন্যান্য কাপড়ের মতো না চিপে হালকাভাবে নিংড়ে নিয়ে রোদে শুকাতে দিন। এতে সোয়েটারের আকার নষ্ট হবে না।

২) ফ্লানেলের কাপড় ও অন্যান্য চাদর

এসব কাপড়ের ক্ষেত্রেও সাবান ও ডিটারজেন্ট দিয়ে না ধুয়ে শ্যাম্পু দিয়ে ধুলে কাপড়ের উজ্জ্বলতা ঠিক থাকে এবং ঘণ্টাখানেক ভিজিয়ে রেখে একটু কচলে নিলেই ময়লা পরিষ্কার হয়ে যায়।

৩) কোট বা লেদারের কাপড়

কোট আর লেদারের কাপড় ঘরে না ধুয়ে লন্ড্রিতে ড্রাই ক্লিন করিয়ে পরিষ্কার করতে হবে।

৪) লেপ ও কম্বল

লেপ ব্যবহারের পূর্বে কড়া রোদ লাগিয়ে কভারে ভরে গায়ে দিতে হবে। আর কম্বল ব্যবহারের আগে ড্রাই ক্লিন করিয়ে নিলে ভালো। সপ্তাহে একবার লেপ কম্বল দুটোই রোদ লাগিয়ে ঝেড়ে রাখতে হবে।

৫) কাশ্মিরী ও পশমী চাদর

শীতের সময় কাশ্মিরী ও পশমী চাদর ব্যবহার করতে অনেকেই বেশ কমফোর্ট ফিল করেন। তবে এ ধরনের চাদরের যত্ন না নিলে নষ্ট হতেও বেশি সময় লাগবে না। তাই এগুলো ব্যবহারের আগে ভালোভাবে রোদ লাগিয়ে এরপর গায়ে দিতে হবে। এমন চাদরগুলো সারাসরি পানি দিয়ে না ধুয়ে ড্রাইওয়াশ করিয়ে নিলেই অনেকদিন ভালো থাকবে।

৬) মোজা, মাফলার ও টুপি

শীতে সোয়েটার, চাদরের চেয়ে বেশি ময়লা হয় মোজা, টুপি ও মাফলার। কাজেই কয়েকদিন পরপর এগুলো সাবান অথবা ডিটারজেন্ট দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার রাখতে হবে।