আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে বরাদ্দ রাখা হয়েছে ৭১ হাজার ৯৫৩ কোটি টাকা, যা চলতি অর্থবছরের সংশোধিত বাজেটে ছিল ৬৬ হাজার ২০৭ কোটি টাকা। এ হিসাবে এক অর্থবছরের ব্যবধানে শিক্ষায় বরাদ্দের পরিমাণ বেড়েছে ৫ হাজার ৭৪৬ কোটি টাকা, শতাংশের হিসাবে বৃদ্ধির হার ৮ দশমিক ৬৭ শতাংশ।

শিক্ষা খাতের বরাদ্দের মধ্যে শিক্ষা মন্ত্রণালয় পাচ্ছে ৪৫ হাজার ৬৩৯ কোটি টাকা। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য বরাদ্দ ৩৬ হাজার ৪৮৬ কোটি টাকা। ৯ হাজার ১৫৩ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য। আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ রাখা হয়েছে ২৬ হাজার ৩১৪ কোটি টাকা।

২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতে উন্নয়ন বরাদ্দ দেয়া হয়েছে ২৪ হাজার ৬৫২ কোটি টাকা, যা বাজেটের মোট উন্নয়ন বরাদ্দের ১০ দশমিক ৩৯ শতাংশ। এর মধ্যে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের জন্য উন্নয়ন বরাদ্দ ১৪ হাজার ৩২০ কোটি টাকা। ২ হাজার ৩১০ কোটি টাকা উন্নয়ন বরাদ্দ প্রস্তাব করা হয়েছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের জন্য।