স্বল্প বিনিয়োগ, কম খরচে কর্মসংস্থান সৃষ্টি, মানবসম্পদের দ্রুত উন্নয়নের সুযোগ এবং কৃষি ও শিল্পের মধ্যে সেতুবন্ধ তৈরির বিশেষত্বের কারণে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের গুরুত্ব অপরিসীম। তাছাড়া রফতানি শিল্পের ব্যাকওয়ার্ড লিংকেজ এবং বৃহৎ শিল্পের ফরওয়ার্ড লিংকেজ হিসেবেও এসএমই খাত সরাসরি কর্মসংস্থান সৃষ্টি ও রফতানি আয়ের অন্যতম উৎস।

দেশের অর্থনীতির চালিকাশক্তি হিসেবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ২০০৬ সালে আইডিএলসিতে এসএমই বিভাগের যাত্রার পর আমরা চেষ্টা করছি সিএমএসএমই খাতে বিনিয়োগের ব্যাপারে সর্বোচ্চ গুরুত্ব দিতে। আমাদের এসএমই খাতে বিনিয়োগের পরিমাণ তারই প্রতিফলন। আইডিএলসির মোট পোর্টফোলিওর ৩৮ শতাংশ বিনিয়োগ রয়েছে এ খাতে। দেশের বৃহত্তম আর্থিক প্রতিষ্ঠান হিসেবে আইডিএলসি সবসময় এসএমই ব্যবসায়ীদের বাংলাদেশ ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল থেকে সর্বোচ্চ সুবিধা এনে দিতে চেষ্টা করছে। উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে কভিড-১৯-পরবর্তী সময়ে বিতরণ করেছে ৩ হাজার কোটি টাকার বেশি ঋণ। সেই সঙ্গে এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজন করছে বিভিন্ন প্রশিক্ষণের।

আমরা সবসময়ই বিশ্বাস রাখি, আজকের এ ছোট ব্যবসার হাত ধরেই দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে।